যমুনার পাড়ে ‘৭ম জাতীয় কমডেকা’ সম্মেলন, থাকবেন ড. ইউনূস

যমুনার পাড়ে ‘৭ম জাতীয় কমডেকা’ সম্মেলন, থাকবেন ড. ইউনূস

বাংলাদেশ স্কাউটদের মিলন মেলা হিসাবে পরিচিত ৬ দিন ব্যাপী ‘৭ম জাতীয় কমডেকা’ সম্মেলন এবার সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে ১৯-২৫ ফেব্রুয়ারির এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার স্কাউটের সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন স্কাউটস এর এডহক কমিটির সভাপতি মো. এহসানুল হক।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং এই থিম কে সামনে রেখে যমুনা নদীর পশ্চিম পাড়ে সমতলভূমি বেষ্টিত মনোরম প্রাকৃতিক পরিবেশ ‘হার্ডপয়েন্ট’ এলাকায় আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। তাছাড়া কমডেকা হচ্ছে রোভার স্কাউটদের এমন এক মিলন মেলা যেখানে অংশগ্রহণকারীগণ স্থানীয় জনগণের সাথে হাতে হাত মিলিয়ে সমাজ সেবা ও উন্নয়নমূলক কাজ করবে। এই কমডেকায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে সক্ষম হবে।

এসময় তিনি জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নের অংশ হিসেবে রোভার স্কাউটদের (১৭-২৫ বছর বয়সী ছেলে মেয়ে) এই কমডেকায় অংশগ্রহণ করবে। এবারের কমডেকায় রোভার স্কাউটদের নিয়ে আগামী দিনের বৈষম্যহীন সমাজ ব্যবস্থার নতুন বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। দেশের সকল অঞ্চলের ছেলে-মেয়েরা কমডেকায় এসে নিজেদের মধ্যে অভিজ্ঞতা, পারস্পরিক ধ্যানধারণা ও স্বপ্ন বিনিময়, বন্ধুত্ব তৈরি, বিভিন্ন প্রতিযোগিতা ও চ্যালেঞ্জে অংশগ্রহণের সুযোগ পাবে এবং অধিক সাফল্য অর্জনের সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। কমডেকায় সারাদেশ থেকে ৪০০টি ইউনিটের ৩২০০ জন রোভার ও স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার এবং কর্মকর্তাসহ প্রায় ৫ (পাঁচ) হাজার জন স্কাউটার অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন