রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আংশিকভাবে চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর আগে টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সই করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ সক্ষমতায় টার্মিনালটি চালু হতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সোমবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের পর সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন (রিমন) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।
বিমানমন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে কনসেশন চুক্তি (পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত চুক্তি) চূড়ান্ত হয়েছে এবং ৩০ নভেম্বরের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে তা সই করার লক্ষ্য রয়েছে। চুক্তি সইয়ের পর ১৬ ডিসেম্বর আংশিকভাবে টার্মিনালটি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রাথমিক কার্যক্রমের বিষয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, শুরুতে ২৫ শতাংশ সক্ষমতা নিয়ে টার্মিনালটি চালুর আলোচনা থাকলেও কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে এতটা সক্ষমতায় যেতে পারবে না। তাই প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইট দিয়ে যাত্রা শুরু হবে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে এবং সিঙ্গাপুরসহ অন্যান্য গন্তব্যের ফ্লাইট যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। ১৬ ডিসেম্বর থেকে হিসাব করলে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে পারে বলে তিনি জানান।
চুক্তির শর্ত ও রাজস্ব ভাগাভাগি
জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছু শর্ত নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। চুক্তির একটি শর্তে তৃতীয় টার্মিনালের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর নির্মাণ না করার কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে দেখা গেছে, ওই এলাকায় আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দরের প্রয়োজন নেই এবং নতুন বিমানবন্দর নির্মাণেও ১০ থেকে ১৫ বছর সময় লাগে। ফলে এ শর্তে বাংলাদেশের বড় কোনো সমস্যা হবে না বলে মনে করেন তিনি।
রাজস্ব ভাগাভাগির বিষয়ে রশিদুজ্জামান মিল্লাত দাবি করেন, আগের সরকারের সময়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে রাজস্ব ভাগাভাগির হার ১৫ শতাংশ নির্ধারিত ছিল। বর্তমান সরকার আলোচনার মাধ্যমে তা বাড়িয়ে ২৭ শতাংশ করতে সক্ষম হয়েছে, যা আগের তুলনায় ১২ শতাংশ বেশি। আংশিক চালুর সময় সব ফ্লাইট স্থানান্তরিত না হলেও পূর্ণাঙ্গ সক্ষমতায় পরিচালনা শুরু হলে বাংলাদেশ এই ২৭ শতাংশ রাজস্ব পাবে।
পুরোনো টার্মিনালের ভবিষ্যৎ
নতুন টার্মিনাল চালুর পর বর্তমান আন্তর্জাতিক টার্মিনাল ভবনের ব্যবহার প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী ১৪ মাস পুরোনো টার্মিনালও আন্তর্জাতিক কার্যক্রমে ব্যবহারের সুযোগ থাকবে। বর্তমানে পরিচালিত আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে পর্যায়ক্রমে তৃতীয় টার্মিনালে নেওয়া হবে। এ ছাড়া সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় পুরোনো টার্মিনালটি অভ্যন্তরীণ ও হজ ফ্লাইট পরিচালনায় ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী সময়ে কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
মন্ত্রিসভা কমিটির অনুমোদন ও চুক্তির তথ্য
সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কোম্পানিটির জমা দেওয়া আর্থিক প্রস্তাব যাচাই-বাছাই ও দর-কষাকষি সম্পন্ন করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ। পরে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং এবং অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতামত নিয়ে চুক্তিটি চূড়ান্ত করা হয়। চুক্তির শর্ত অনুযায়ী, ১৫ বছর মেয়াদি এই কনসেশন পিরিয়ডের জন্য জাপানি কোম্পানিকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


