আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে মাঠে নেমেছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে তারা।

বিজ্ঞাপন

শুক্রবার দিনভর এসব কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়। ঢাকা ছাড়াও নোয়াখালীর বেগমগঞ্জ, গাজীপুর, কক্সবাজার, সিলেট ও নওগাঁর বদলগাছীসহ বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচিতে ছাত্রদল-ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসব কর্মসূচি থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়নের দাবি জানিয়েছে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। গতকাল রাজধানীর বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে আওয়ামী লীগের চলমান অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ থেকে এ দাবি জানায় দলটি।

প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার ইতিহাস রয়েছে। ২০০৪ সালের ৩০ এপ্রিল সরকার পতনের নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল। সে সময় মাসের পর মাস গাড়িতে আগুন দেওয়া ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটেছিল।

তিনি আরো বলেন, প্রশিকার কর্মীদের ঢাকায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজধানীতে তৎকালীন সরকারের পতন ঘটাতে পারেনি, বরং আওয়ামী লীগের রাজনীতিতে নির্দিষ্ট তারিখ সামনে রেখে নানা ধরনের রাজনৈতিক নাটক মঞ্চস্থ করার নজির রয়েছে।

আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৫ সালের আগস্টে ফিরে আসার নানা ঘোষণা দেওয়া হলেও ডিসেম্বরে তা বাস্তবায়িত হয়নি। ২০২৬ সালের নির্বাচন বাধাগ্রস্ত করার যে বক্তব্য ও প্রচেষ্টা ছিল, সেটিও সফল হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, হাসিনা জীবিত কিংবা মৃত, কোনো অবস্থাতেই আর বাংলাদেশে ফিরতে পারবেন না।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেনÑদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার এবং সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান ব্যাপারী প্রমুখ।

এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এ সময় মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে এর প্রতিবাদে চৌমুহনী পৌর বিএনপি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদেরকে ধাওয়া দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে ৩টার দিকে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে।

মিছিলটি নাপিতের পোল এলাকায় গিয়ে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ভবনের দুটি থাই গ্লাস ভেঙে যায় এবং আগুন ধরে যায়। পরে কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন বলেন, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যান। এ সময় আওয়ামী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যারা আগুন ও ভাঙচুরের সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

কক্সবাজারের ঈদগাঁওয়ে রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর প্রতিবাদে ঈদগাঁও বাসস্টেশনে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির । গত বৃহস্পতিবার রাতে এ পাল্টাপাল্টি মিছিল ও বিক্ষোভের ভিডিও প্রচার হয়। তবে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ভিডিওটি কোথায়, কখন হয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে মুখোশ পরিহিত কয়েকজনকে মশাল হাতে সরকারবিরোধী স্লোগান দিতে এবং হাসিনার দেশে ফেরার দাবি জানাতে দেখা গেছে।

ভিডিওতে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান ও জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দামের নামেও স্লোগান দিতে দেখা যায়।

এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর রাত ৩টার দিকে উপজেলা শিবির সভাপতি আবদুল্লাহর নেতৃত্বে ঈদগাঁও বাসস্টেশনে বিক্ষোভ মিছিলের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার জানান, তিনিও একটি ভিডিও দেখেছেন। তবে এটি ঈদগাঁও উপজেলার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার জুমার নামাজের পর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আওয়ামী লীগ রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির প্রতিফলন নেই।

তিনি বলেন, অগ্নিসন্ত্রাস ও নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য পেলে আইন নিজের হাতে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

এদিকে দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও বিক্ষুব্ধ অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বৃহস্পতিবার জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলটির শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান।

তিনি আওয়ামী লীগ শাসনামলে গুম-খুন, দমনপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে আওয়ামী অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বেলা ১১টার দিকে চৌরাস্তা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...