ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সূত্র জানায়, আলোচনায় মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতিও উঠে আসে। পাশাপাশি অর্থনীতি, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা এবং প্রতিরক্ষা শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করে উভয় পক্ষ।
সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ–তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন। জবাবে হাকান ফিদান সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের নতুন স্তরে উন্নীত করার বিষয়ে তুরস্কের আগ্রহের কথা জানান।
এটি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হাকান ফিদানের প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও মানবিক সহায়তার সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুই দেশই আগামী দিনে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

