সাত ক্যাটাগরিতে পুরস্কার পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স

সাত ক্যাটাগরিতে পুরস্কার পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স

দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং এভিয়েশন খাতে ধারাবাহিকতা বজায় রাখার স্বীকৃতি হিসেবে ট্রাভেল বিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’-এর ‘এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ প্রতিযোগিতায় সাতটি ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এতে সংস্থাটিকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল রাতে ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলামের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা পদক তুলে দেন সংসদ সদস্য নাসের রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এবং 'দি বাংলাদেশ মনিটর'-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ খাতসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সেবার মান মূল্যায়নে ইউএস-বাংলা এয়ারলাইন্স 'বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক)', ‘পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ’ এবং 'বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন'—এই তিন ক্যাটাগরিতে গোল্ড (স্বর্ণ) অ্যাওয়ার্ড লাভ করে। পাশাপাশি 'বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন', 'বেস্ট শর্ট হোল এয়ারলাইন', 'আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস' ও 'বেস্ট রিজিওনাল এয়ারলাইন' ক্যাটাগরিতে সিলভার (রৌপ্য) পুরস্কার অর্জন করে সংস্থাটি। অতিথিদের কাছ থেকে এসব ক্যাটাগরির পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, যাত্রীদের নিরবচ্ছিন্ন আস্থা ও সমর্থনই এ ধরনের স্বীকৃতি অর্জনের মূল চালিকাশক্তি।

উল্লেখ, স্থানীয় ও আঞ্চলিক আকাশপথে সেবার মান ধরে রাখায় ইউএস-বাংলা এয়ারলাইন্স এর আগেও ২০১৫, ২০২২, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক 'বেস্ট ডমেস্টিক এয়ারলাইন' পুরস্কারে ভূষিত হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন