হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আমদানিকৃত বিপুল পরিমাণ উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার বিকেলে বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রীন চ্যানেলে কাস্টমস চেকিংয়ের সময় তাকে আটক করা হয়।
শুক্রবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো: আবু সাঈদ মিয়া এসব তথ্য জানান।
নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি বিশেষ টিম দুপুর দেড়টায় শাহজালাল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- TG321) একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক মো. জুলফিকার মোল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সামনে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে লুকানো ২১টি পলি প্যাকেটে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা, ১টি ভারতীয় পাসপোর্ট (নম্বর: AK896800), ১টি বোর্ডিং কার্ড, ১টি ওপ্পো (OPPO) স্মার্টফোন (জিও ইন্ডিয়া সিমসহ) উদ্ধার করা হয় ।
গ্রেপ্তারকৃত মো. জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে ২/৩ দিন অবস্থান করে তার ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল। অবৈধ মাদকদ্রব্যের বিস্তার রোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডিএনসি'র গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

