‘৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক নিউজ হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া যায়নি’

‘৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক নিউজ হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া যায়নি’

একটি মিডিয়া গ্রুপের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল কথা বলার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে নিজের বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে বর্তমান আইনের সীমাবদ্ধতার কারণে সেগুলোর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায়নি বলে জানান তিনি।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এই অভিযোগ তোলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বর্তমান প্রেস কাউন্সিলের আইনি দুর্বলতা তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিদ্যমান প্রেস কাউন্সিলের নিয়ম অনুযায়ী শুধুমাত্র প্রিন্ট মিডিয়ায় ছাপানো অপতথ্য বা বিভ্রান্তিমূলক নিউজের বিরুদ্ধে অভিযোগ করা যায়। সেই সুযোগটিকে কাজে লাগিয়ে যারা প্রিন্ট মিডিয়া চালায়, তারা তাদের অনলাইন পোর্টালগুলোতে ব্যক্তিকে আক্রমণ করে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ালেও সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না।’

বিরোধী দলকে টার্গেট করে প্রতিনিয়ত এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, এ ধরনের অনলাইনের অপপ্রচারের বিরুদ্ধে তারা কীভাবে প্রেস কাউন্সিলে প্রতিকার পেতে পারেন এবং এই আইনটি সংশোধনের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না।

হাসনাত আবদুল্লাহর এই প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু বিরোধীদলীয় সদস্যদেরই নয়, বরং ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে দেশের সাধারণ মা-বোনদের, সরকারি দলের বিভিন্ন সদস্যকে এবং খোদ প্রধানমন্ত্রী ও তার পরিবারকেও। এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা প্রেস কাউন্সিলকে রিভ্যাম্প করছি। খুব সুন্দরভাবে প্রেস কাউন্সিল পুনর্গঠন করা হবে। আপনি যে অনলাইন পোর্টালের কথা বলেছেন, সে বিষয়টিও আমাদের বিচারাধীন আছে। আমরা এই প্রক্রিয়া অতি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করব, ইনশাআল্লাহ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন