হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শাশুড়িকে হত্যার অপরাধে জামাতাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক কাঁকন দে এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন জেলার মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে মো. অলিউর রহমান অলি (৪২)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সকালে দণ্ডপ্রাপ্ত আসামি তার শাশুড়ি জাহানারা বেগমকে স্বর্ণালংকার কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ১ জুন চুনারুঘাটের জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের পাশের বেতবাগান থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পরদিন পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে নিহতের ছেলে লাশটি তার মা জাহানারা বেগমের বলে শনাক্ত করেন। এ ঘটনায় তার ছেলে মো. মিজানুর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি (পিপি) মো. গুলজার আহমেদ খান। তিনি জানান, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ ধরনের হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

