জগন্নাথপুরে জমিতে পানি সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত বেড়ে ২

জগন্নাথপুরে জমিতে পানি সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত বেড়ে ২
ছবি: আমার দেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৪০) নামের আরও এক ব্যক্তি মারা গেছেন।

বিজ্ঞাপন

বুধবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে মঙ্গলবার সংঘর্ষের দিন ঘটনাস্থলেই নিহত হন তার চাচাতো ভাই মতিউর রহমান (৫০)।

নিহত উভয় ব্যক্তিই উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চণ্ডি হেদায়েতপুর) গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ এক পুরুষ ও তিন নারীসহ মোট চারজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে পীরেরগাঁও গ্রামের আরব আলীর ছেলে আলমগীরের সঙ্গে একই গ্রামের আছির উল্লাহর ছেলে আবুল কাশেমের জমিতে পানি সেচ দেওয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয় । এর জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছুলফির আঘাতে আলমগীরের পক্ষের কৃষক মতিউর রহমান বুকে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মতিউর রহমানের পক্ষের মুজিবুর রহমান ও আতাউর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মুজিবুরের মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার এসআই নূর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন