প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমান টিকিট, বলাকা লাউঞ্জ, প্রাধিকারভিত্তিক (প্রায়োরিটি) চেক-ইন ও বোর্ডিংসহ বিভিন্ন বিশেষ সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এসব সুবিধা প্রবাসী কার্ডের মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট, লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে।
তিনি বলেন, প্রবাসী ভাইদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খানসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আফরোজা খানম বলেন, আমরা ইতোমধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসাধারণের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করেছি। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও আমরা প্রবাসীদের জন্য বিশেষ ছাড় প্রদানের বিষয়ে ভাবছি। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের জন্য প্রাধিকারভিত্তিক (প্রায়োরিটি) চেক-ইন ও বোর্ডিং সুবিধা প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হবে। এসব সুবিধা মিলবে বর্তমান সরকারের প্রবাসী কার্ডের মাধ্যমে।
সভার শুরুতে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রসমূহ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

