যুক্তরাষ্ট্রের ‘সব বোমার মা’খ্যাত শক্তিশালী বোমার পাল্টা হিসেবে ‘সব বোমার জনক’ নামে নতুন একটি অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরান। বুধবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি এ কথা জানিয়েছেন। খবর আনাদোলুর।
ইরানের ইয়াং জার্নালিস্টস ক্লাবের বরাতে মোহেবি বলেন, ‘আমরা ‘সব বোমার জনক’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছি। এটি শত্রুপক্ষের জন্য সম্পূর্ণ নতুন একটি বিষয়।’
তবে নতুন অস্ত্রটির ধরন, সক্ষমতা কিংবা ধ্বংসক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের সম্ভাবনার ইঙ্গিত দেন। ‘মাদার অব অল বম্বস’ বা ‘সব বোমার মা’ নামে পরিচিত এ বোমার ওজন প্রায় ৯ হাজার ৮০০ কেজি। এটি যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের সবচেয়ে বড় অ-পারমাণবিক প্রচলিত বোমাগুলোর একটি।
২০১৭ সালের এপ্রিলে ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তানে আইএসের একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক লক্ষ্য করে প্রথমবারের মতো বোমাটি ব্যবহার করা হয়েছিল।
ক্ষেপণাস্ত্রের মজুত বেড়েছে দেড় গুণ
মোহেবি আরও দাবি করেন, ২০২৫ সালের জুনে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত দেড় গুণ বেড়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান দেননি তিনি।
আইআরজিসির এই মুখপাত্র বলেন, ক্ষেপণাস্ত্রের গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। পাশাপাশি এগুলোর পাল্লা, ধ্বংসক্ষমতা এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্ভুলতাও বেড়েছে।
তিনি জানান, ইরান তার প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন এনে স্থায়ী ও নিরঙ্কুশ প্রতিরোধক্ষমতা গড়ে তোলার দিকে এগোচ্ছে।
মোহেবি বলেন, ‘আগে ইরানের প্রতিরক্ষা কৌশল পুরোপুরি আত্মরক্ষামূলক ছিল। আমরা বলতাম, কোনো দেশ আমাদের আক্রমণ করলে আমরা জবাব দেব।’
তিনি আরও বলেন, ‘এখন আমরা বলছি, কোনো দেশ আমাদের আক্রমণ করলে শুধু জবাবই দেব না, পাল্টা আক্রমণও চালাব।’
ইরানের ওপর যেকোনো হামলার জবাব একই ধরনের পদক্ষেপের মাধ্যমে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর ভাষায়, ইরানের সামরিক কৌশল ক্রমেই অসম যুদ্ধপদ্ধতির ওপর নির্ভরশীল হয়ে উঠবে। এ কৌশলে প্রতিপক্ষের তুলনায় ভিন্ন ধরনের সামরিক সক্ষমতা ও পদ্ধতি ব্যবহার করে আঘাত হানা হয়।
মোহেবি বলেন, ‘আমাদের কৌশল আর শুধু আক্রমণাত্মক থাকবে না; এটি হবে অসম। আমরা এমনভাবে শত্রুকে আঘাত করব, যাতে তারা আমাদের জবাবের তীব্রতা অনুভব করতে পারে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


