আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি প্রতিরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। এসব অভিযানে একাধিক পরিবহনকে জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে ২টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ইলিশ পরিবহন ও যমুনা হাই ডিলাক্সকে এই জরিমানা করা হয়।
এছাড়া ধোলাইপাড় এলাকায় ৪টি পরিবহনকে ১৩ হাজার টাকা এবং সায়েদাবাদ এলাকায় ৩টি পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে।
উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজধানীর কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকাতেও পৃথক অভিযানে ৪টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগের দিন একই এলাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
রাজধানীর বাইরে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে ৭ হাজার টাকা এবং এলেঙ্গা, টাঙ্গাইলে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বরিশাল জেলায় এক অভিযানে ৩ হাজার টাকা এবং খুলনার রূপসা টোল প্লাজা এলাকায় ৩টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে যাত্রা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ধীরে ধীরে যাত্রীচাপও কমতে শুরু করেছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

