চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক আলোচনা সভা

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক আলোচনা সভা

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং জেলে সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বাড়নোর লক্ষ্যে চাঁদপুরে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

রোববার (২ আগস্ট) বেলা ১১টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের উদ্যোগে মেঘনা ও ডাকাতিয়া নদীসংলগ্ন এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় দেশের মৎস্য সম্পদের গুরুত্ব, অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকা, নদী ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্থানীয় জেলেদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শোনা হয়। পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের কর্মকর্তাদের পাশাপাশি জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও), উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি এবং জেলে সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন