ঢাকা–৬ আসনের বাসাবাড়িতে দীর্ঘদিনের গ্যাস সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন। মঙ্গলবার মন্ত্রণালয় সভাকক্ষে তিনি তিতাস গ্যাসের আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকা–৬ আসনের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাসের তীব্র সংকটে ভুগছেন বাসিন্দারা। রান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তির কথা তুলে ধরে এলাকাবাসী বারবার অভিযোগ জানিয়ে আসছিলেন। এ পরিস্থিতিতে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম ছিল বাসাবাড়ির গ্যাস সমস্যার স্থায়ী সমাধান করা। সেই লক্ষ্যেই তিনি ধারাবাহিকভাবে তিতাস গ্যাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
বৈঠকে গ্যাস সরবরাহব্যবস্থার বিদ্যমান অবস্থা, পাইপলাইনের চাপ সংকট, অবৈধ সংযোগ এবং সরবরাহব্যবস্থার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিয়ে ভোগান্তি কমানোর আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

