ট্রাকচালক হত্যা: ফের পেছাল হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

ট্রাকচালক হত্যা: ফের পেছাল হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি তৃতীয়বারের মতো পেছানো হয়েছে। এ মামলায় আগামী ১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ রবিউল আলম এ দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলার চার আসামি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাদের আদালতে হাজির করা হয়নি। তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য পি.ডব্লিউ আবেদন করা হয়েছে। এ কারণে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

এর আগে গত ২৫ জুন আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করলে শুনানি এক দফা পিছিয়ে যায়। পরে গত ২৬ জুলাই আসামিপক্ষের আইনজীবীদের সময়ের আবেদনে দ্বিতীয় দফায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে যায়। এরপর আজ তৃতীয় দফায় চার আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য অভিযোগ গঠনের শুনানি পেছানো হলো।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। এরপর ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান।

মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি ও নাইমুল হাসান রাসেল।

আসামিদের মধ্যে পলক, সাদেক, ফুরকান ও শাহজাহানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তারা কারাগারে আছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন