শিল্প বাণিজ্য এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, বর্তমান সরকারে অন্যতম কাজ হলো দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এনে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা। তাই মাদক, ছিনতাই ও চাঁদাবাজি, টেন্ডারবাজি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স। তাই যারাই এসব কাজের সাথে জড়িত থাকবেন অথবা মদদ দেবেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এমন কি আমার দলের লোক হলেও। তাই সাবধান হয়ে যান। তবে যদি কারও কর্মসংস্থানের প্রয়োজন হয়, স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করবেন। ব্যবস্থা হয়ে যাবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিল কার্ড, কৃষক কার্ড, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, খালকাটা কর্মসূচি ইতোমধ্যে দেশব্যাপী শুরু করা হচ্ছে। যার সুফল দেশের প্রান্তজনেরা খুব শীঘ্রই ভোগ করবেন। আর এসব কর্মসূচি পালনে দলের নেতাকর্মীসহ সকল রাজনৈতিক দল, পেশাজীবী ও সাংবাদিক সহায়তা আমাদের প্রয়োজন।
তিনি বলেন, আজ আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ সকল দলের নেতাকর্মীদের আমন্ত্রণ জানিয়ে আনা হয়েছে। এসেছেন শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ সবশ্রেণি পেশার প্রতিনিধিরা। আমাদের লক্ষ্য সুস্পষ্ট। আমরা সবাইকে নিয়ে দেশকে গড়তে চাই। অতীতের মতো একটি অংশকে উপেক্ষা করে অন্য একটি অংশ কাজ করতে চাই না। তবে যারা অতীতে খুন, হুম, হামলা-মামলার সাথে জড়িত ছিলেন-দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে। অযথা কাউকে হয়রানি করা যাবে না।
শুক্রবার দুপুরে ভৈরব উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

