অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরার আহ্বান

দেড় দশকের অর্থনীতি পঙ্গুত্বের প্রভাব এই সরকারকে বহন করতে হচ্ছে: অর্থ উপদেষ্টা

দেড় দশকের অর্থনীতি পঙ্গুত্বের প্রভাব এই সরকারকে বহন করতে হচ্ছে: অর্থ উপদেষ্টা

গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও অর্থনৈতিক অনিয়ম ও দুরবস্থার প্রভাব বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে ডিআরইউর গ্রুপ বীমা চুক্তি নবায়ন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, গত দেড় দশকে দেশের অর্থনীতিকে এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, যার প্রভাব এই সরকারকে বহন করতে হচ্ছে। গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক ও বীমা খাতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বীমা খাতের অনিয়ম, অব্যবস্থাপনা অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতের অনিয়ম ও লুটপাট নিয়ে আলোচনা হলেও বীমা খাতের সংকট তুলনামূলকভাবে আড়ালে থেকে যাচ্ছে। অথচ এ খাতেও গ্রাহকদের স্বার্থ রক্ষা ও বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, শুধু ‘বীমা খাতে ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি’—এ ধরনের শিরোনাম করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কেন এত বিপুল পরিমাণ দাবি অনিষ্পন্ন রয়েছে, এর জন্য কারা দায়ী এবং কীভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলোও তথ্য-প্রমাণের ভিত্তিতে সামনে আনতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ের তুলনায় ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বৈদেশিক ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব ঋণের সুদ ও আসল পরিশোধের দায় শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে। জনগণের করের টাকা দিয়ে আর্থিক খাতের দুর্বল প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার বিষয়েও প্রশ্ন তোলা প্রয়োজন।

অনুষ্ঠানে ডিআরইউর সঙ্গে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের এক বছরের জন্য গ্রুপ বীমা চুক্তি নবায়ন করা হয়। পূর্ববর্তী চুক্তির আওতায় ডিআরইউ’র মৃত সদস্যদের পরিবারের হাতে মৃত্যুদাবি বাবদ নির্ধারিত টাকার চেক হস্তান্তর করা হয়।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন ও কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...