বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও সফররত সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। বুধবার ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘প্রাইম মিনিস্টার্স হাউসে’ এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
নৈশভোজে বাংলাদেশের স্পিকার ও তার সফরসঙ্গীদের স্বাগত জানিয়ে শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করে তিনি প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরো ঘনিষ্ঠ করা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
সফররত সংসদীয় প্রতিনিধিদলের বিভিন্ন পর্যায়ের বৈঠক ও কার্যক্রম দুই দেশের সংসদীয় ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনার ইঙ্গিত দেয়। নিয়মিত সংসদীয় প্রতিনিধিদল বিনিময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সহযোগিতার শক্ত ভিত্তি তৈরি করতে পারে বলে মন্তব্য করেন শাহবাজ শরিফ।
শাহবাজ শরিফের মতে, দুই দেশের আইনসভার মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরো জোরদার করা সম্ভব। এর ফলে সংসদীয় কূটনীতির পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতার সুযোগ বাড়বে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


