যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও শুল্কনীতির কারণে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন।
তার দাবি, যুদ্ধ ও শুল্কের প্রভাবে সাধারণ পরিবারগুলোকে বাড়তি খরচের চাপ সামলাতে হচ্ছে। এর প্রভাব পড়েছে থ্যাংকসগিভিংয়ের খাবারের দামেও।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ভ্যান হলেন বলেন, থ্যাংকসগিভিংয়ের খাবার কিনতে গিয়ে অনেক আমেরিকানকে পণ্যের উচ্চ দাম দেখে বিস্মিত হতে হচ্ছে। তাদের কাছে মনে হচ্ছে, দাম শুধু বাড়ছেই।
আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার থ্যাংকসগিভিংয়ের রাতের খাবারের গড় খরচ ৬ শতাংশ বেড়েছে। এর মধ্যে টার্কির দাম বেড়েছে ১০ শতাংশ।
ভ্যান হলেন বলেন, ‘ইরানে ট্রাম্পের অবৈধ যুদ্ধ সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছে। তার শুল্কযুদ্ধও এই দাম আরো বাড়াচ্ছে।’
মার্কিন এই সিনেটরের অভিযোগ, ট্রাম্প ও তার ধনী মিত্ররা সাধারণ আমেরিকানদের মতো অর্থনৈতিক চাপের মুখে পড়ছেন না। তাদের তুলনায় সাধারণ পরিবারগুলোকে বাড়তি ব্যয়ের বোঝা বহন করতে হচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ভ্যান হলেন বলেন, ‘এখন আমাদের সবার কাজ করে দেখানোর সময়।’
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


