যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬
ছবি: এপি

যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা নক্স ও স্টোকস পরিবারের সদস্য। মাছ ধরার ভ্রমণ শেষে পরিবারের অন্য সদস্যদের কাছে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তাদের পরিবার।

বার্তা সংস্থা এপিকে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে পরিবার দুটি জানায়, তারা যে কাজটি ভালোবাসতেন, সেটি করতে গিয়েই মারা গেছেন। ছুটির মৌসুমের শুরু উদ্‌যাপন করতে একসঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন তারা। এরপর পরিবারের অন্য সদস্যদের কাছে বাড়ি ফেরার কথা ছিল।

দুর্ঘটনায় আবহাওয়ার প্রভাবের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের মোবাইল এলাকার আকাশপথ নিয়ন্ত্রণকেন্দ্র স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ হারায়। কোস্টগার্ডের বরাতে এ তথ্য জানিয়েছে এপি।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ আগে গালফপোর্ট-বিলোক্সি আন্তর্জাতিক বিমানবন্দরের একজন আকাশপথ নিয়ন্ত্রক পাইলটকে ওই এলাকার বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়া সম্পর্কে সতর্ক করেছিলেন।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, উড়োজাহাজটি প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। এ উচ্চতা মেঘের নিচের স্তরের ওপরে ছিল। একপর্যায়ে উড়োজাহাজটি দ্রুত নিচে নামতে শুরু করে এবং ডান দিকে মোড় নেয়।

উড়োজাহাজ চালনায় ৫০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত বিমানচালক স্টিভেন অ্যারোইয়ো ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বিশ্লেষণ করেছেন। তার মতে, উড়োজাহাজটির এমন আচরণ ছিল অত্যন্ত অস্বাভাবিক।

এপিকে অ্যারোইয়ো বলেন, ‘এটি অত্যন্ত, অত্যন্ত অস্বাভাবিক। নিরাপদেই বলা যায়, উড়োজাহাজটিতে গুরুতর কোনো সমস্যা দেখা দিয়েছিল।’

তবে বিমান চলাচল বিশেষজ্ঞ ও বোয়িংয়ের সাবেক নিরাপত্তা প্রকৌশলী টড কার্টিস বলেছেন, প্রকাশ্যে আসা আকাশপথ নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে পাইলটের কথোপকথনের অডিও রেকর্ডিংয়ে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।

তবে তিনি আবহাওয়ার সম্ভাব্য প্রভাবের বিষয়টি উল্লেখ করেছেন। তার মতে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে বৃষ্টিপাতের কারণে উড়োজাহাজের গায়ে বিপজ্জনকভাবে বরফ জমতে পারে। এতে উড়োজাহাজের যন্ত্রপাতির পাঠ ভুল হতে পারে। এমনকি উড়োজাহাজের উড্ডয়নক্ষমতাও কমে যেতে পারে।

উড়োজাহাজটিতে বরফ জমা প্রতিরোধের ব্যবস্থা বা ডি-আইসিং সিস্টেম ছিল কি না, তা এখনো জানা যায়নি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন