ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের ৫৫ শতাংশ ভোটার । যুদ্ধ বন্ধের শর্ত যুক্তরাষ্ট্রের অনুকূলে না হলেও তারা সংঘাতের অবসান চান। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে ডেমোক্র্যাটদের ৮০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৫৯ শতাংশ। রিপাবলিকানদের মধ্যে এ হার ২৫ শতাংশ। অন্যদিকে, ২১ শতাংশ ভোটার বর্তমান সামরিক কৌশল অব্যাহত রাখার এবং ১৮ শতাংশ যুদ্ধ আরো জোরদার করার পক্ষে মত দিয়েছেন।
যুদ্ধ বন্ধে প্রশাসনের ওপর চাপ সৃষ্টির উদ্যোগেও ডেমোক্র্যাট ভোটারদের সমর্থন রয়েছে। তাদের ৫৩ শতাংশ সামরিক অভিযানে কংগ্রেসের অর্থায়ন বন্ধের পক্ষে। আর ৫১ শতাংশ আসন্ন বাজেট আলোচনায় ইরান যুদ্ধের বরাদ্দ আটকে দেওয়ার পক্ষে, প্রয়োজনে এতে সরকারের অচলাবস্থা তৈরি হলেও।
জরিপের প্রধান গবেষক শিবলি তেলহামি বলেন, যুদ্ধের বিরোধিতা এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের পক্ষে জনমত থাকলেও, যেকোনো শর্তে যুদ্ধ বন্ধে এত ব্যাপক সমর্থন থাকবে, তা তারা ধারণা করেননি।
যুদ্ধের যৌক্তিকতা নিয়েও মার্কিন ভোটারদের মধ্যে সংশয় রয়েছে। মাত্র ২৮ শতাংশ মনে করেন, যুদ্ধের ফলে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার ক্ষেত্রে ইরান দুর্বল অবস্থানে পড়েছে।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও ভোটারদের মধ্যে ভিন্ন ধারণা রয়েছে। জরিপে ৩৫ শতাংশ মনে করেন, প্রণালিটির নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। বিপরীতে মাত্র ১২ দশমিক ৭ শতাংশ মনে করেন, নিয়ন্ত্রণ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




