‘আকামা’ (রেসিডেন্সি ও ওয়ার্ক পারমিট) সংকটে থাকা লাখ লাখ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে দালালদের হাতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। বৈধ কাগজপত্র না থাকা বা আকামা মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে তারা সেখানে মানবেতর জীবনযাপন করছেন। প্রবাসীদের এই চরম অসহায়ত্ব ও আইনি জটিলতাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ দালালচক্র। কাজ পাইয়ে দেওয়া, আকামা নবায়ন, কফিল পরিবর্তন কিংবা বৈধতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা হাতিয়ে নিচ্ছে প্রবাসীদের কষ্টার্জিত লাখ লাখ টাকা।
এমন প্রতারিত প্রবাসীদের একজন ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা সোহেল। জীবিকার সন্ধানে কয়েক বছর আগে সৌদি আরব যান। বলা হয়েছিল ফ্রি ভিসায় যাচ্ছেন তিনি। সেখানে গিয়ে দেখেন কাগজে-কলমে যিনি তার কফিল (নিয়োগকর্তা) তার হাতে দেওয়ার মতো কোনো কাজ নেই। স্বাভাবিকভাবেই বেতন দেওয়া তো দূরের কথা, উল্টো সোহেলের কাছে প্রতি মাসে তিনি ৫০০ রিয়াল দাবি করে বসেন।
পরে বন্ধু-বান্ধবের পরামর্শে ‘সাপ্লাইয়ার’ তথা দালালের মাধ্যমে এক চায়নিজ কন্সট্রাকশন কোম্পানিতে রাজমিস্ত্রির কাজ নেন সোহেল। প্রতি ঘণ্টায় মজুরি ১২ রিয়াল। দৈনিক ১৫ ঘণ্টা হাড়ভাঙা পরিশ্রম করলেও হিসাব হয় ১২ ঘণ্টা। এর ৭০ শতাংশই আবার চলে যায় দালালের পকেটে। অবশিষ্টটুকুও আবার সময়মতো পরিশোধ করা হয় না। কয়েক মাস কাজ করার পর বের করে দেওয়া হয় অনেকটা খালি হাতে। উচ্চবাচ্য করলে নেমে আসে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি।
সোহেলের অভিযোগ, চায়নিজ কোম্পানিতে লেবার সাপ্লাইয়ার মানিক হাওলাদার এবং ম্যানেজারের দায়িত্বে থাকা নিরব হাওলাদার ১০ জন বাংলাদেশি ও ১০ জন পাকিস্তানি শ্রমিককে গত মে মাসে কাজে নেন। দৈনিক ১৫ ঘণ্টা কাজ করিয়ে নানা অজুহাত দেখিয়ে খাতায় তোলেন ১২ ঘণ্টার হিসাব। পাঁচ মাস কাজ করিয়ে ঈদের সময় জনপ্রতি মাত্র ২,০০০ রিয়াল করে পরিশোধ করা হয়। বাকি টাকা ‘দিচ্ছি-দেব’ করে পাঁচ মাস পার করে দেন। পরে বাকি টাকার জন্য চাপ দেওয়া হলে ‘তোমরা তো অবৈধ, বেশি বাড়াবাড়ি করলে পুলিশে ধরিয়ে দেব’ বলে সোহেলসহ ২০ জনকে খালি হাতেই কোম্পানি থেকে বের করে দেন মানিক।
সোহেল জানান, সম্পর্কে চাচা-ভাতিজা মানিক ও নিরবের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিশা ইউনিয়নের এক নং ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে সৌদিতে বসবাসকারী চাচা-ভাতিজার এ সিন্ডিকেট অসহায়ত্বের সুযোগ নিয়ে শত শত প্রবাসীকে ঠকিয়ে চলেছে।
এ সম্পর্কে জানতে একাধিক মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও মানিক কিংবা তার ম্যানেজার নিরবের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এ ধরনের অভিযোগ অহরহ পাওয়া যায় বলে আমার দেশকে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম।
তিনি বলেন, এমনিতেই নানা কারণে সৌদি আরবে জনশক্তি রপ্তানি কমে গেছে। সময়মতো ভিসা নবায়ন না হওয়াসহ নানাবিধ কারণে বর্তমানে লাখ লাখ প্রবাসী আকামাহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এ সুযোগে মধ্যস্বত্বভোগী একটি মহল নানাভাবে তাদের ঠকিয়ে চলেছে। পুলিশের ভয়ে ভুক্তভোগী প্রবাসীরা এসব নির্যাতনের প্রতিবাদ করারও সাহস পান না।
সৌদি আরবে ঠিক কতসংখ্যক বাংলাদেশি প্রবাসী আকামা জটিলতায় রয়েছেন, সে বিষয়ে সরকারিভাবে সর্বশেষ কোনো একক ও সুনির্দিষ্ট তালিকা না থাকলেও সার্বিক চিত্রটি অত্যন্ত উদ্বেগজনক। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটিতে অবস্থানরত প্রায় ৩০ থেকে ৩৮ লাখ বাংলাদেশির মধ্যে অনানুষ্ঠানিক হিসাবে ১০ থেকে ১২ লাখের শ্রমিকের বৈধ আকামা নেই। তাদের নাম এখন ‘হুরুব’ (পলাতক) তালিকায়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকা ও অন্যান্য আইনি জটিলতায় বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি সৌদি আরবের বিভিন্ন কারাগারে রয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই সংকটের শুরুটা হয় মূলত দেশ থেকেই। একশ্রেণির অসাধু রিক্রুটিং এজেন্সি ও দালাল ‘ফ্রি ভিসার’ প্রলোভন দেখিয়ে কর্মীদের সৌদি আরবে পাঠায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর প্রবাসীরা বুঝতে পারেন, সৌদি আইনে ফ্রি ভিসা বলে বাস্তবে কিছু নেই। নির্দিষ্ট কফিল (নিয়োগকর্তা) কাজ না দেওয়ায় এবং প্রতি বছর মক্তব আমেল ও আকামা নবায়নের বিপুল অর্থ জোগাড় করতে না পেরে তারা অবৈধ হয়ে পড়েন। এছাড়া অনেক কফিল ইচ্ছাকৃতভাবে আকামা নবায়ন না করে উল্টো কর্মীর বিরুদ্ধে ‘হুরুব’ হওয়ার অভিযোগ দিয়ে দেন, যা প্রবাসীদের রাতারাতি আইনের চোখে অপরাধী বানিয়ে দেয়।
প্রবাসীরা জানান, আকামা না থাকলে সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার, জেল-জরিমানা এবং শূন্য হাতে দেশে ফেরত পাঠানোর ভয় থাকে। এই আতঙ্ককে কাজে লাগায় প্রবাসী ও স্থানীয় দালালদের একটি চক্র। তারা অসহায় প্রবাসীদের নতুন কফিলের অধীনে ট্রান্সফার (কাফালা) করে দেওয়ার বা হুরুব কাটিয়ে আকামা তৈরি করে দেওয়ার মিথ্যা আশ্বাস দেয়।
তারা বলেন, আকামা ও দালালদের প্রতারণার দ্বিমুখী চাপে প্রবাসীদের জীবন এখন কার্যত অচল। বৈধ কাগজপত্র না থাকায় তারা কোনো প্রতিষ্ঠিত কোম্পানিতে কাজ পাচ্ছেন না।
বাধ্য হয়ে লুকিয়ে কম মজুরিতে ঝুঁকিপূর্ণ কাজ করতে হচ্ছে, যেখানে নিয়োগকর্তারা অনেক সময় বেতনও আটকে রাখেন। পাশাপাশি স্বাস্থ্যবিমা না থাকায় সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারায় বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোও বন্ধ হয়ে গেছে। এমনকি পরিবারের কারো মৃত্যু বা জরুরি প্রয়োজনেও তারা দেশে ফিরতে পারেন না। দেশে ফিরতে হলে জরিমানা ও এক্সিট ভিসার দীর্ঘ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়।
এদিকে, সমস্যাগ্রস্ত প্রবাসীদের সঙ্গে প্রতারণা প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলতে অপারগতা জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে বলেন,
দীর্ঘদিনের এই ভোগান্তি কমাতে বাংলাদেশ ও সৌদি সরকারের দ্বিপাক্ষিক আলোচনায় সম্প্রতি কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল কফিল আকামা নবায়ন না করলে কর্মীরা যেন সহজেই অন্য নিয়োগকর্তার অধীনে স্থানান্তর হতে পারেন, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সুযোগ তৈরি করেছে। এছাড়া আঞ্চলিক সংঘাত ও ফ্লাইট বিপর্যয়ের কারণে ছুটিতে দেশে আটকে পড়া প্রায় ২২ হাজারের বেশি প্রবাসীর মধ্যে যাদের আকামার মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্যও ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে প্রবেশের বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন





