ইইউ কমিশনার

মানুষ গত দুই দশক ধরে কী নিদারুণ কষ্ট করেছে, জুলাই জাদুঘর ঘুরলে বোঝা যায়

মানুষ গত দুই দশক ধরে কী নিদারুণ কষ্ট করেছে, জুলাই জাদুঘর ঘুরলে বোঝা যায়

ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন, জুলাই জাদুঘর ঘুরলে বোঝা যায়, বাংলাদেশের মানুষ গত দুই দশক ধরে কী নিদারুণ কষ্ট করেছে এবং তার বিপরীতে বাংলাদেশের মানুষের অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর শক্তি রয়েছে।

গতকাল সোমবার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

জাদুঘর প্রাঙ্গণে স্বৈরাচারী সময়ে শহীদ হওয়া ব্যক্তিদের শ্রদ্ধায় তৈরি করা মেমোরিয়াল পরিদর্শনের মাধ্যমে যাত্রা শুরু করে পরিদর্শনে আসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। ৫ আগস্ট পুলিশের গুলিতে শাহাদাত বরণ করা শহীদ আনাসের চিঠি ও জুলাই অভ্যুত্থানে অগ্রগামী নারীদের অবদান পর্যবেক্ষণ করেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনার। সে সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

জাদুঘর ভবনের ভেতরে শেখ হাসিনার নির্দেশে ১৬ বছরের দুঃশাসনের বিভিন্ন চিত্র ঘুরে দেখেন তারা। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের ওপর আওয়ামী সরকারের চালানো নিপীড়নের চিত্রগুলোর খুঁটিনাটি ঘুরে দেখে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল।

পরিদর্শন শেষে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। ইউরোপীয় ইউনিয়নের কমিশনার ম্যাগনাস ব্রুনার বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এমন অন্তর্দৃষ্টি তুলে ধরার জন্য জুলাই জাদুঘর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ম্যাগনাস ব্রুনার বলেন, বাংলাদেশের মানুষকে যে নির্মম নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য। জনগণের আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে এবং সমর্থন জোগাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন