জানালেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
ছবি: আমার দেশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

খাদ্যমন্ত্রী বলেন, এবার আমন ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।

তিনি আরও জানান, সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে, আমন চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে এবং তা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

মন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্যনিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর পাশাপাশি সরকারি খাদ্যশস্যের মজুত শক্তিশালী করাও এ সংগ্রহ অভিযানের অন্যতম উদ্দেশ্য।

এ ছাড়া দেশের খাদ্য পরিস্থিতি স্থিতিশীল রাখা, বাজারে খাদ্যশস্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকারি খাদ্য বিতরণ কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার বিষয়েও সভায় আলোচনা হয় বলে জানান খাদ্যমন্ত্রী।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন