পুনর্বাসন ছাড়া বল প্রয়োগ করে উচ্ছেদ না করাসহ ১০ দাবি হকারদের

স্টাফ রিপোর্টার

পুনর্বাসন ছাড়া বল প্রয়োগ করে উচ্ছেদ না করাসহ ১০ দাবি হকারদের

সরকারি জায়গা দখলমুক্ত করে হকারদের বরাদ্দ দেয়া এবং পুনর্বাসন ছাড়া বল প্রয়োগ করে হকার উচ্ছেদ না করাসহ ১০ দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ঢাকাসহ সারাদেশে ফুটপাতের হকারদের বিরুদ্ধে চলছে এক নির্মম ও নিষ্ঠুর অভিযান। উচ্ছেদের নামে প্রতিদিন ব্যাপক ভাঙচুর, মালামাল নষ্ট, লুটপাট চালানো হচ্ছে। হাজার হাজার স্বল্প পুঁজির হকার মালামাল হারিয়ে, রুটি-রুজির জায়গা থেকে বিতাড়িত হয়েছে। বর্তমানে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় হকাররা প্রতিরোধ সংগ্রামে নেমেছে।

তারা বলেন, হকারদের জীবন বাঁচাতে অবিলম্বে জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। দেশের শহরাঞ্চলে চাকচিক্য দিন দিন বাড়ছে। অন্যদিকে কর্মসংস্থান নেই। সর্বত্র নির্মম বল প্রয়োগের মাধ্যমে চলছে হকার উচ্ছেদ। দাবি আদায়ে দেশের সকল হকারদের আন্দোলনে নামার আহ্বান জানান তারা।

তাদের দাবিগুলো হলো- পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না; হকারদের অর্থনৈতিক অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে; জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে; হকারদের নিকট থেকে চাঁদাবাজি বন্ধ করে রাজস্ব আদায়; হকারদের ওপর মামলা-গ্রেপ্তার দমন-পীড়ন-নির্যাতন বন্ধ; প্রকৃত হকারদের তালিকা প্রণয়ন করতে হবে;

এছাড়া দখল করা সরকারি জায়গা দখলমুক্ত করে হকারদের বরাদ্দ দিয়ে হকারদের পুনর্বাসন; ৫ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ; জাতীয় বাজেটে হকারদের জন্য বরাদ্দ; হকার্স মার্কেটগুলোতে প্রকৃত হকারদের নামে বরাদ্দ দিতে হবে।

সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবির, সাধারণ সম্পাদক হযরত আলীসহ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা হকাররা অংশগ্রহন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...