গত কয়েকদিনের তুলনায় আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া থাকবে শুষ্ক।
সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এর মধ্যে আগামী ৭২ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসাথে সারাদেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামী ৫ মার্চ (বুধবার) সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় সারাদেশে দিন-রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশাল বিভাগের পটুয়াখালীতে। যার পরিমাণ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায়। যার পরিমাণ ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর এই সময়ের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

