কয়েকদিন ধরে দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবারও দেশের ২০ জেলার ওপর দিয়ে মুদু তাপপ্রবাহ বয়ে যায়। এতে আগের দিনের তুলনায় তাপমাত্রা কমার পাশাপাশি এর বিস্তৃতিও কমেছে। আগের দিন ৪৯ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছিল।
বুধবার বিকেল থেকে রাত ১টার মধ্যে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। একই সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হয়। এর ফলে আগের কয়েক দিনের তুলনায় তাপপ্রবাহের পরিধি বৃহস্পতিবার আরো কমতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, আগামী ১৪ জুন নাগাদ দেশের আবহাওয়ার তেমন একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আগামী ১৪ জুন পর্যন্ত চলতে পারে। ১৫ বা ১৬ জুন থেকে দেশে বৃষ্টি শুরু হয়ে বেশ কয়েকদিন চলতে পারে।
বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী, রংপুর, পাবনার ইশ্বরদী ও নীলফামারীর ডিমলায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

