টানা ভারী বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস, কতদিন চলবে

টানা ভারী বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস, কতদিন চলবে
ফাইল ছবি

বুধবারের মধ্যে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে আগামী ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, বর্ষাকাল হিসেবে দেশজুড়ে কমবেশি বৃষ্টি থাকবে; তবে এক-দুইদিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি সৃষ্টি হতে পারে; পরবর্তীতে সেটি আরো গভীর হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবেই ১৩ আগস্ট থেকে দেশজুড়ে ভারী থেকে অতিভারীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থা ১৯ আগস্ট পর্যন্ত থাকতে পারে।

বিজ্ঞাপন

তিনি জানান, এ সময়ে উপকূলীয় এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৫ আগস্টের আগে ঢাকায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

এ দিকে সোমবার সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কম ছিল। রাজধানীতে সন্ধ্যা ছয়টার আগে সামান্য বৃষ্টি হলেও সন্ধ্যার পর মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত সর্বোচ্চ ৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় খুলনার কয়রায়। এ দিন সারা দেশের মধ্যে ময়মনসিংহ, নীলফামারীর সৈয়দপুর ও চাঁদপুরে সর্বোচ্চ ৩৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রী।

সোমবার সন্ধ্যা ছয়টায় আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

এর প্রভাবে মঙ্গলবার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবারও একই অবস্থা থাকতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন