আগামী বুধবার (২ ডিসেম্বর) থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, ফলে শীতের অনুভূতি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা কমার এই ধারা অব্যাহত থাকতে পারে এবং ডিসেম্বরের শুরু থেকেই শীত জেঁকে বসার সম্ভাবনা রয়েছে।
রোববার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। এই মাত্রা থেকে আরও ১ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমে দেশে শীতের অনুভূতি বাড়লেও সহসাই শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কোনো পূর্বাভাস নেই।
এ বিষয়ে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আগামী বুধবার থেকে রাজধানীসহ সারাদেশেই তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যদিও কোথাও কোথাও এর ব্যতিক্রম হতে পারে। এতে দেশজুড়ে শীতের অনুভূতি বাড়বে, তবে চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই।
তিনি জানান, ২০১৭ সালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন, এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তির দিকেই রয়েছে। এ বছর এল-নিনোর প্রভাবে বিশ্বব্যাপী তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পূর্বাভাস রয়েছে এবং এর প্রভাব বাংলাদেশেও অব্যাহত থাকতে পারে। ফলে তার মতে, এবার তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা নেই।
অন্যদিকে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এবার তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা দেখছেন। তার মতে, গত ৩০ বছরের গড়ের তুলনায় রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে এবং শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব তুলনামূলক কম হতে পারে। তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
আবহাওয়া অধিদপ্তরের তিন মাসের পূর্বাভাসের বরাত দিয়ে ড. আবুল কালাম মল্লিক জানান, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশে ৮ থেকে ১০টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে; যার মধ্যে ২ থেকে ৩টি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। সব মিলিয়ে ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রা কমে শীতের প্রকোপ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



