তাপপ্রবাহের তীব্রতা ও পরিধি কমছে

কাল থেকে টানা ভারী বৃষ্টির আভাস

স্টাফ রিপোর্টার

কাল থেকে টানা ভারী বৃষ্টির আভাস

টানা তাপপ্রবাহের মধ্যেই আগামীকাল রোববার দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী পাঁচ দিন মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ দেশের কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। এই বৃষ্টির প্রবণতা বেড়ে ধীরে ধীরে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, আজ শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেতুলিয়ায় ২৮, রংপুরে ১৭, কুড়িগ্রামের রাজারহাট ১০ মিলিমিটার, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮, সিলেটে ৬, নেত্রকোণায় ৪ এবং নীলফামারীর সৈয়দপুরে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া আজ শনিবার খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায় এবং তা আগামীকাল কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

বিজ্ঞাপন

আজ রাতে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আমার দেশকে বলেন, আগামীকাল রোববার থেকে আগামী মাসের তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আজ সারাদেশেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে বৃষ্টির প্রবণতা বেড়ে খুলনা বিভাগ ছাড়া সাদেশের অন্যান্য স্থানে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। এছাড়া আগামীকাল সন্ধ্যা নাগাদ ঢাকাতেও বৃষ্টি হতে পারে।

এদিকে আজ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ধারা আগামী ৫দিন চলতে পারে।

এদিকে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, গত সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কোথাও কোথাও অব্যাহত থাকলেও রোববার থেকে বৃষ্টির প্রবণতায় তাপমাত্রা কমতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

এদিকে আগের কয়েকদিনের তুলনায় সারাদেশে তাপপ্রবাহের তীব্রতা ও পরিধি ধীরে ধীরে কমছে। গত বুধবার ২৭ জেলায়, গত বৃহস্পতিবার ২০ জেলায়, শুক্রবার ২১ জেলায় এবং আজ শনিবার ২০ জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও আগামীকাল খুলনা বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। একই সঙ্গে কমতে পারে তাপপ্রবাহের তীব্রতাও।

গত বুধবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস; পরদিন বৃহস্পতিবার তা কিছুটা কমে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার আরো কমে রাজশাহীতে সর্বোচ্চ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে আগের দিনের তুলনায় আজ সারাদেশে ও রাজধানীতেও কিছুটা বেড়েছে। আজ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। অবশ্য গত বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করো হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস; যা আগেরদিন বুধবার ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি। আর এটাই চলতি মৌসুমে রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান আমার দেশকে বলেন, তাপপ্রবাহের তীব্রতা ও পরিধি ধীরে ধীরে কমে আসছে। আগামীকাল রোববার আরো কমতে পারে। এরপর সারা দেশে বৃষ্টির প্রবণতা বেড়ে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, এবার তাপপ্রবাহ বয়ে গেলেও বিগত ২০২৩ ও ২০২৪ সালের মতো এবার টানা তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। কেননা, এবার তাপপ্রবাহের সাথে সাথে মাঝেমধ্যে বৃষ্টি থাকবে। ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন দেশে তাপপ্রবাহ ছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি এবং তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন