আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে বৃষ্টির পূর্বাভাস

শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

সংস্থাটির আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ সকালে আমার দেশকে বলেন, বরগুনা থেকে নওগাঁ পর্যন্ত একটি বিস্তৃত বৃষ্টিবলয়ের সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই শনিবার সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়ে চার-পাঁচ ঘণ্টা সময় ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলতে পারে। তবে কক্সবাজার ও পঞ্চগড় জেলা এর বাইরে থাকতে পারে।

তিনি আরো বলেন, বৃষ্টিবলয়ের এই রেশ আগামীকাল রোববার নাগাদ থাকলেও বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এই আবহাওয়াবিদ বলেন, গতকাল শুক্রবারের তুলনায় আজ দেশে বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল মাদারীপুরে সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি ছিল । এ সময় রাজধানীতে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বেশি সময় ধরে বৃষ্টি হলেও কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, এ সময়ে কালবৈশাখী ঝড় হলে সাধারণত উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হয়; কিন্তু আজ দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দীর্ঘ কয়েক ঘণ্টা সময় ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বাতাসের গতিবেগ কম থাকতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন