রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

তীব্র গরমের পর ভোরে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীতে। রোববার ভোর সোয়া ৪টার দিকে রামপুরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় তুমুল বৃষ্টি। এর আগে বয়ে যায় ঝোড়ো বাতাস। বৃষ্টি শুরুর পর কমে আসে বাতাসের তীব্রতা। তবে কিছু সময় পরপর বজ্রপাত হয়।

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে এর আগের ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন