দুর্গাপূজায় আবহাওয়া কেমন থাকবে

দুর্গাপূজায় আবহাওয়া কেমন থাকবে

হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা রোববার থেকে শুরু। এদিন মহাষষ্ঠী থেকে শুরু আর ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসব। পূজার দিনগুলোতে দেশের আবহাওয়া কেমন থাকতে পারে সে সম্পর্কে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ও এর আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।

বিজ্ঞাপন

এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দূর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃ ত রয়েছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ১ অক্টোবরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ আমার দেশকে বলেন, দুর্গাপূজার দিনগুলোতে বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় হঠাৎ হালকা বৃষ্টি হতে পারে। তবে ১ অক্টোবরের দিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে ৪ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণে আরো বাড়তে পারে। লঘুচাপ হওয়ার পর এর প্রভাবে সাধারণত বৃষ্টি হয়।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, সারাদেশের আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা বেশি। তবে ১ অক্টোবরের দিকে সাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টি বাড়তে পারে। তবে খুব বেশি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

রোববার মহাষষ্ঠী ও আগামীকাল সোমবার মহাসপ্তমীতে মূল উৎসব শুরু। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসব।

এদিকে শনিবার আবহাওয়া অধিদপ্তর দেশের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে। ১ অক্টোবর সাগরে সৃষ্ট লঘুচাপটি দেশের উপকূলে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। তবে দেশের বেশির ভাগ স্থানে এর প্রভাব ততটা নাও পড়তে পারে।

এর আগেও উড়িষ্যা উপকূলে চলতি মাস এবং গত আগস্ট মাসেও কয়েকটি লঘুচাপ হলেও সেগুলোর প্রভাব তেমন বাংলাদেশের উপকূলে পড়েনি।

রোববার অর্থাৎ দুর্গাপূজার ষষ্ঠী থেকে পরের দুই দিন আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশের কোনো কোনো স্থানে বিচ্ছিন্নভাবে হঠাৎ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ১ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে দশমীর দিন এবং পরদিন ৪ অক্টোবর বৃষ্টি খানিকটা বাড়তে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...