তিনদিন ধরে চলা টানা ভারী বর্ষণে রাজধানীসহ সারা দেশের জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঈদুল আজহার আগে অসময়ের এই বৃষ্টিতে শহরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। বিশেষ করে কুরবানির পশুরহাটে এবং বাড়িমুখি ঈদযাত্রায় জনভোগান্তি চরমে পৌঁছেছে।
এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের এই ধারা এখনই থামছে না; আগামী আরো কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ ৫৭ মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পরদিন মঙ্গলবারও ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বুধবার সকাল ছয়টায় আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে মানুষের দুর্ভোগ ক্রমেই বেড়ে চলেছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ভারী বৃষ্টি হচ্ছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও দেশের অন্যান্য অন্চলেও বিচ্ছিন্নভাবে বজ্র বৃষ্টি হতে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও আশাপাশের আবহাওয়ার পূর্বাভাসে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘন্টায় রাজধানীর আকাশ মেঘলাসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, আগামী ৩দিন ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আজ বুধবারও বৃষ্টি হবে। ঈদের দিন সকালেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকবে।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

