চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি, শনিবার থেকে উত্তরাঞ্চলে বাড়বে বর্ষণ

চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি, শনিবার থেকে উত্তরাঞ্চলে বাড়বে বর্ষণ

চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসের শুরুতে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাস দেওয়া হলেও বাস্তবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যাশার চেয়ে বেশি বর্ষণ হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে মাস শেষে বৃষ্টিপাতের চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হবে।

এদিকে উত্তর ওড়িশা থেকে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিমে সরে গিয়ে বর্তমানে ভারতের ছত্তিশগড়ে অবস্থান করছে এবং ধীরে ধীরে দুর্বল হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি শুক্রবার পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে। একই সময়ে কক্সবাজার সদরে ৭৮ মিলিমিটার, হাতিয়ায় ৭০ মিলিমিটার এবং ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তাপমাত্রার দিক থেকে বুধবার দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদদের মতে, উপকূলীয় এলাকায় আরও দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলেও অতি ভারি বর্ষণের আশঙ্কা কম। তবে শনিবার থেকে উত্তরাঞ্চলে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। যদিও এই বৃষ্টি মূলত হালকা থেকে মাঝারি মাত্রার হবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। শুক্রবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলে সপ্তাহজুড়ে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন