তাপপ্রবাহ কমলেও গরম বেশি, রোববার ভারী বৃষ্টির আভাস

স্টাফ রিপোর্টার

তাপপ্রবাহ কমলেও গরম বেশি, রোববার ভারী বৃষ্টির আভাস

টানা পঞ্চমদিন দেশের ১৬ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অবশ্য আগের কয়েকদিনের তুলনায় তাপপ্রবাহের তীব্রতা ও পরিধি কমে এসেছে। বুধবার ২৭ জেলায় এবং গতকাল বৃহস্পতিবার ২০ জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও শুক্রবার তা আরো কমে ১৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। একই সঙ্গে তাপপ্রবাহের তীব্রতাও।

গত বুধবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস; বহস্পতিবার তা কিছুটা কমে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শুক্রবার আরো কমে রাজশাহীতে সর্বোচ্চ ৩৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাদেশের মতো রাজধানীতেও তাপমাত্রার তীব্রতা কিছুটা কমে এসেছে। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করো হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস; যা আগেরদিন ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি। আর এটাই চলতি মৌসুমে রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা। শুক্রবার তীব্রতা কমেছে; রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান আমার দেশকে বলেন, তাপপ্রবাহের তীব্রতা ও পরিধি ধীরে ধীরে কমে আসছে। আগামীকাল শনিবার আরো কমতে পারে। এরপর রোববার সারাদেশে বৃষ্টির প্রবণতা বেড়ে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

এদিকে গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামের রাজারহাট ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি। আজ শুক্রবারেও বৃষ্টির তেমণ প্রবণতা নেই। এ অবস্থা কয়েকদিন ধরেই চলছে। এছাড়া বাতাসে আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় এর প্রভাবে প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এরফলে সারাদেশে বৃষ্টির অভাবে জনমণে ত্রাহি ত্রাহি অবস্থা বিরাজ করছে।

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ শুক্রবারও অব্যাহত থাকলেও বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকা এবং তাপপ্রবাহ প্রশমিত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান বলেন, আজ ও আগামীকাল শনিবার নাগাদ তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আগামী রোববার থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজস্র হ বষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী হতে পারে। এই প্রবণতা আরো কয়েকদিন চলতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি এবং তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...