ঈদের ছুটিতে লাখো মানুষ রাজধানী ঢাকা ছাড়ায় চিরচেনা যানজট আর কোলাহল এখন নেই বললেই চলে। অভ্যন্তরীণ যানবাহন চলাচলও সীমিত, রাস্তাঘাট প্রায় ফাঁকা। তবে স্বস্তির খবর নেই ঢাকার বাতাসে। জনশূন্য নগরীতেও বায়ুর মান আজও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
রবিবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আইকিউএয়ারের তথ্যমতে, ১৬৫ স্কোর নিয়ে আজ বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর অনুযায়ী রাজধানীর বাতাস এখন ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সাধারণত ঈদের সময় কলকারখানা বন্ধ ও যানবাহন কম থাকায় দূষণ কমার কথা থাকলেও এবার চিত্রটি ভিন্ন।
আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৯৩ স্কোর নিয়ে সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ১৭৮ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং এবং ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিওন।
অন্যদিকে, বিশ্বের সবচেয়ে পরিষ্কার বাতাসের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ডেনভার, যার স্কোর মাত্র ৩৯। ৪২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে একই দেশের শিকাগো শহর।
এর আগে, গতকাল শনিবার বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল দশম। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বায়ুদূষণে শীর্ষে ছিল কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। এই নগরীর বায়ুমান ১৭৩। এই মানকে অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। আর ঢাকার বায়ুর মান ছিল ১১৭
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

