মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি

উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রবল সক্রিয়তার কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ভোর থেকে ঢাকার আকাশ ঘন মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে এবং দিনের শুরুতেই থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়।

বিজ্ঞাপন

সকালের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি কাজে বের হওয়া নাগরিকদের চলাচলে দুর্ভোগ দেখা দেয়। একই সঙ্গে অনেক সড়কে যানবাহনের গতি কমে যাওয়ায় বিভিন্ন স্থানে যানজটেরও সৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে গিয়ে আবহাওয়ায় স্বস্তি ফিরতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

এর আগে সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন