তাপমাত্রার পারদ আজ আরো বাড়তে পারে

স্টাফ রিপোর্টার

তাপমাত্রার পারদ আজ আরো বাড়তে পারে
ছবি : সংগৃহীত

তাপমাত্রার পারদ আজ আরো বাড়তে পারে। সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আকাশে কড়া তাপ ছড়াচ্ছে প্রকৃতি। গতকাল বুধবার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দেশের ২৭ জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ বৃহস্পতিবারও অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

গতকাল সারা দেশের মতো রাজধানীতেও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৯টা পর্যয়ন্ত আগের ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২, সিলেটে ২ মিলিমিটার এবং পটুয়াখালীর খেপুপাড়ায় সামান্য বৃষ্টি ছাড়া দেশের অন্য কোথাও বৃষ্টিপাত হয়নি। এতে তাপপ্রবাহের সঙ্গে বিদ্যুতের লোডশেডিং বেড়ে ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গা ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল শুক্রবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গা ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

ফলে আগামীকাল শুক্রবার পর্যন্ত তাপমাত্রার পারদ আরো বাড়তে পারে। গত সোমবার ৯ জেলায় এবং মঙ্গলবার ১৪ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও গতকাল তা ২৭ জেলার ওপর দিয়ে বয়ে গেছে। গতকাল রাজশাহী ও খুলনা বিভাগের সব কটি জেলা ছাড়াও ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর. মাদারীপুর, দিনাজপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও আজ তা আরো বিস্তৃতি লাভ করতে পারে। এছাড়া তাপমাত্রা আরো বাড়তে পারে।

সংস্থাটি বলছে, এ অবস্থা আগামীকাল শুক্রবার পর্যন্ত চলতে পারে। এরপর বৃষ্টির প্রবণতায় শনি কিংবা রোববার থেকে ধীরে ধীরে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সেই সঙ্গে পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। এতে তাপামাত্রাও কমে আসতে পারে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, বৃষ্টি না থাকায় টানা তিন দিন ধরে তাপপ্রবাহ বয়ে যাওয়ায় বাতাসে আর্দ্রতা বেড়ে তাপমাত্রার পারদ ক্রমেই বাড়ছে। এর ফলে বুধবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানীর তাপমাত্রাও ছিল মৌসুমের সর্বোচ্চ। বাতাসে আর্দ্রতার পরিমাণও স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় এর প্রভাবে প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

তিনি জানান, আগামী শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর আগামী রোববার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

এদিকে সারা দেশে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা এতই অসহনীয় হয়ে উঠছে যে, ঘরের বাইরের বাতাস আগুনের মতো অনুভূত হচ্ছে। তাপপ্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতের লোডশেডিংও বেড়েছে। রাজধানীসহ শহরাঞ্চলে ঘণ্টায় ঘণ্টায় এবং গ্রামাঞ্চলে দিনের বেশির ভাগ সময় লোডশেডিংয়ের কবলে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ৩৯ দশমিক পাঁচ ডিগ্রি এবং আগের দিন ৩৮ দশমিক শূন্য ডিগ্রি। এ নিয়ে টানা তিন দিন এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

আগের দিনের তুলনায় গতকাল রাজধানীতেও তাপমাত্রা এক ডিগ্রি বেশি বেড়ে হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি, যা মঙ্গলবার ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য সোমবার রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামীকাল নাগাদ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আমার দেশকে বলেন, আগের দিনের চেয়ে তাপমাত্রার তীব্রতা ও বিস্তৃতি বেড়েছে। এতে গতকাল চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও ছাড়িয়ে গেছে। শুক্রবার পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।

তিনি আরো জানান, আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এ অবস্থা চলার পর বৃষ্টিপাতের প্রবণতায় তাপমাত্রা কমতে পারে। মে মাসের প্রথমার্ধ পর্যন্ত কমবেশি বৃষ্টিপাত হতে পারে।

চলতি মাসে একাধিক দফায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বড় অংশে তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র পর্যায়ে পৌঁছাতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি এবং তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন