সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বুধবার (২৯ জুলাই) দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখতে বলা হয়েছে।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্য বেড়েছে, যা দমকা বা ঝোড়ো হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি করছে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


