সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হাসপাতাল পরিদর্শন জনআলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতাল পরিদর্শন করছেন। এসব পরিদর্শনে হাসপাতালের টয়লেট, পরিচ্ছন্নতা ও পরিবেশের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। একজন জনপ্রতিনিধির নিজ হাতে টয়লেট পরিষ্কার করার ঘটনাও আলোচনায় এসেছে। পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাতে এমন উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক সামাজিক বার্তা দেয়। কিন্তু প্রশ্ন হলোÑএকটি হাসপাতালের সামগ্রিক মান কি শুধু টয়লেটের পরিচ্ছন্নতা দিয়ে নির্ধারণ করা যায়?
হাসপাতাল একটি জটিল, বহুমাত্রিক ও উচ্চঝুঁকিসম্পন্ন প্রতিষ্ঠান। এখানে রোগীর জীবন, চিকিৎসকের দক্ষতা, নার্সের সেবা, ওষুধের প্রাপ্যতা, রোগ নির্ণয়ের নির্ভুলতা, সংক্রমণ নিয়ন্ত্রণ, অবকাঠামো, আর্থিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক জবাবদিহিতা—সবকিছু পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাই হাসপাতাল পরিদর্শন শুধু অপরিচ্ছন্নতা খুঁজে বের করার কাজ নয়; এটি হতে হবে রোগীর নিরাপত্তা, চিকিৎসার গুণগত মান এবং স্বাস্থ্যসেবার জবাবদিহিতা নিশ্চিত করার বিজ্ঞানভিত্তিক ও ফলাফলনির্ভর উদ্যোগ।
পরিদর্শন যেন সাময়িক প্রদর্শনীতে পরিণত না হয়
জনপ্রতিনিধিদের হাসপাতাল পরিদর্শন গণতান্ত্রিক জবাবদিহিতার গুরুত্বপূর্ণ অংশ। জনগণের অর্থে পরিচালিত সরকারি হাসপাতালের বাস্তব অবস্থা দেখা, রোগীদের দুর্ভোগ জানা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা তাদের দায়িত্ব। হাসপাতালের টয়লেট, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি, অপরিচ্ছন্ন ওয়ার্ড ও দুর্গন্ধ সরাসরি রোগীর স্বাস্থ্য এবং মর্যাদার সঙ্গে সম্পর্কিত। এসব সমস্যা দীর্ঘদিন অবহেলিত থাকলে সরেজমিনে পরিদর্শন প্রশাসনকে সক্রিয় করতে পারে।
তবে পরিদর্শন যদি ক্যামেরার সামনে প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান কিংবা কর্মকর্তাদের সাময়িক তৎপরতার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে দীর্ঘমেয়াদি পরিবর্তন আসবে না। আমরা প্রায়ই দেখি, গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিদর্শনের আগে ওয়ার্ড পরিষ্কার করা হয়, টয়লেট ধোয়া হয়, দেয়ালে রঙ করা হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ প্রস্তুতি নেয়। কিন্তু পরিদর্শনের কয়েক দিন পর পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যায়। এটি নিয়মিত ব্যবস্থাপনার পরিবর্তে পরিদর্শনকেন্দ্রিক সাময়িক প্রস্তুতির দুর্বলতা।
হাসপাতাল পরিচালনায় প্রয়োজন নিয়মিত, ধারাবাহিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা। একটি পরিদর্শনের সাফল্য নির্ধারিত হওয়া উচিত পরিদর্শনের দিন হাসপাতাল কতটা পরিষ্কার ছিল, তা দিয়ে নয়; বরং এক মাস, ছয় মাস কিংবা এক বছর পর রোগীরা কতটা নিরাপদ ও মানসম্মত সেবা পাচ্ছেন, তা দিয়ে।
পরিচ্ছন্নতার সংকটের পেছনে কাঠামোগত কারণ
হাসপাতালের পরিচ্ছন্নতার সমস্যা গুরুতর। কিন্তু এর পেছনের কারণগুলোও অনুসন্ধান করতে হবে। প্রয়োজনের তুলনায় পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা কম, রোগীর সংখ্যা অনুমোদিত শয্যার কয়েক গুণ, পর্যাপ্ত পানি নেই, বর্জ্য ব্যবস্থাপনার উপযুক্ত ব্যবস্থা নেই—এমন পরিস্থিতিতে শুধু হাসপাতাল পরিচালককে ভর্ৎসনা করে সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন জনবল, অর্থ, সরঞ্জাম, প্রশিক্ষণ এবং কার্যকর তদারকি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে ২০২৬ সালে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশের মাত্র ৭১ শতাংশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মৌলিক পানীয় জলের ব্যবস্থা রয়েছে। মৌলিক পয়ঃনিষ্কাশন সুবিধা রয়েছে ২৫ শতাংশ প্রতিষ্ঠানে, স্বাস্থ্যবিধির সুবিধা ৩২ শতাংশে, বর্জ্য ব্যবস্থাপনা ১৬ শতাংশে এবং পরিবেশগত পরিচ্ছন্নতার ব্যবস্থা মাত্র ২০ শতাংশ প্রতিষ্ঠানে। এই চিত্র প্রমাণ করে, পরিচ্ছন্নতার সংকট কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়; এটি আমাদের স্বাস্থ্যব্যবস্থার গভীর কাঠামোগত দুর্বলতার প্রতিফলন।
অতএব, প্রয়োজন পরিচ্ছন্নতার জন্য নির্দিষ্ট বাজেট, পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী, নিরাপদ পানি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, বর্জ্য পৃথককরণ ও নিরাপদ নিষ্পত্তি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার জবাবদিহিতা।
দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা
হাসপাতালের মান উন্নয়নে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের উদ্যোগ আমাদের জন্য শিক্ষণীয়। ভারতে ‘কায়াকল্প’ কর্মসূচির মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, সংক্রমণ নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা মূল্যায়ন করা হয়। পাশাপাশি জাতীয় গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থায় রোগীর অধিকার, চিকিৎসাসেবা, জনবল, অবকাঠামো, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং চিকিৎসার ফল বিবেচনা করা হয়। এতে হাসপাতালের নিজস্ব মূল্যায়ন, অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন এবং বহিরাগত মূল্যায়নের সুযোগ রয়েছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে স্বাস্থ্যসেবা কমিশন নির্ধারিত মানদণ্ড অনুসারে হাসপাতাল পরিদর্শন করে। প্রশিক্ষিত পরিদর্শক দল হাসপাতালের সেবা, ওষুধ ব্যবস্থাপনা, রোগীর নিরাপত্তা, জনবল, অবকাঠামো ও তথ্য ব্যবস্থাপনা মূল্যায়ন করে। শ্রীলঙ্কায় হাসপাতালের গুণগত মান উন্নয়ন, রোগীর নিরাপত্তা এবং হাসপাতালের স্বীকৃতি প্রদানের জন্য বিশেষায়িত উদ্যোগ রয়েছে। এসব অভিজ্ঞতা থেকে বোঝা যায়, হাসপাতাল পরিদর্শন ব্যক্তিনির্ভর না হয়ে আইন, নির্ধারিত মানদণ্ড, প্রশিক্ষিত মূল্যায়নকারী এবং ধারাবাহিক মানোন্নয়নের প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় হওয়া প্রয়োজন।
হাসপাতাল পরিদর্শনে যে ১২টি বিষয় গুরুত্ব পাবে
বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালের জন্য একটি জাতীয় হাসপাতাল পরিদর্শন ও গুণগত মান মূল্যায়ন কাঠামো প্রণয়ন করা প্রয়োজন। হাসপাতালের আকার, শয্যাসংখ্যা ও সেবার ধরন অনুযায়ী মূল্যায়নের সূচক ভিন্ন হতে পারে। তবে অন্তত ১২টি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
১. পরিচ্ছন্নতা ও পরিবেশ : রোগী ও দর্শনার্থীদের জন্য পরিচ্ছন্ন টয়লেট, নিরাপদ পানি, হাত ধোয়ার ব্যবস্থা, ওয়ার্ড, অস্ত্রোপচারকক্ষ এবং বর্জ্য ব্যবস্থাপনা।
২. রোগীর নিরাপত্তা ও চিকিৎসার মান : সঠিক রোগী শনাক্তকরণ, নির্ভুল রোগ নির্ণয়, নিরাপদ অস্ত্রোপচার, ওষুধের সঠিক প্রয়োগ এবং চিকিৎসাজনিত জটিলতা ও মৃত্যুর কারণ পর্যালোচনা।
৩. জনবল : চিকিৎসক, বিশেষজ্ঞ, নার্স, চিকিৎসা-প্রযুক্তিবিদ, ফার্মাসিস্ট ও পরিচ্ছন্নতাকর্মীর পর্যাপ্ততা, কর্মস্থলে উপস্থিতি, দক্ষতা ও প্রশিক্ষণ।
৪. জরুরি ও নিবিড় পরিচর্যা : ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা, প্রশিক্ষিত জনবল, নিবিড় পরিচর্যা কেন্দ্র, অক্সিজেন, কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্র, রক্ত সরবরাহ ও অ্যাম্বুলেন্স।
৫. ওষুধ ও রোগ নির্ণয় : প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষাগার, এক্স-রে, আলট্রাসনোগ্রাম, কম্পিউটার টমোগ্রাফিসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির প্রাপ্যতা ও কার্যকারিতা।
৬. রোগীর অধিকার : রোগীর মর্যাদা ও গোপনীয়তা, চিকিৎসার তথ্য জানার অধিকার, চিকিৎসার আগে সম্মতি গ্রহণ এবং অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা।
৭. সংক্রমণ প্রতিরোধ : হাত ধোয়া, জীবাণুমুক্তকরণ, অস্ত্রোপচারকক্ষের পরিচ্ছন্নতা, সংক্রামক রোগীর পৃথককরণ এবং হাসপাতাল-সংশ্লিষ্ট সংক্রমণ নিয়ন্ত্রণ।
৮. অবকাঠামো ও অগ্নিনিরাপত্তা : ভবনের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বহির্গমন, লিফট, বিদ্যুৎ, জেনারেটর ও অক্সিজেনের বিকল্প ব্যবস্থা।
৯. প্রশাসনিক ব্যবস্থাপনা : দায়িত্ব বণ্টন, নিয়মিত ব্যবস্থাপনা সভা, চিকিৎসা নির্দেশিকা অনুসরণ, কর্মীদের কাজের মূল্যায়ন এবং মানোন্নয়ন কার্যক্রম।
১০. আর্থিক স্বচ্ছতা : বাজেট ও ব্যয়ের স্বচ্ছতা, ওষুধ এবং যন্ত্রপাতি ক্রয়, দরপত্র, সম্পদের যথাযথ ব্যবহার এবং আর্থিক নিরীক্ষা।
১১. তথ্য ব্যবস্থাপনা : রোগীর নথি সংরক্ষণ, ডিজিটাল তথ্যব্যবস্থা, অপেক্ষার সময় পর্যবেক্ষণ এবং রোগীর তথ্যের নিরাপত্তা।
১২. চিকিৎসার ফল : হাসপাতালভিত্তিক মৃত্যুহার, জটিলতা, পুনরায় ভর্তি, হাসপাতালে অবস্থানের সময় এবং চিকিৎসার মানোন্নয়নে গবেষণা।
পরিদর্শন হবে নিয়মিত, পেশাদার ও ফলভিত্তিক
প্রস্তাবিত ব্যবস্থায় পাঁচটি ধাপ অনুসরণ করা যেতে পারে। প্রথমত, প্রতিটি হাসপাতাল প্রতি তিন মাসে নিজস্ব মূল্যায়ন করবে। দ্বিতীয়ত, প্রশিক্ষিত চিকিৎসক, নার্সিং প্রশাসক, জনস্বাস্থ্য ও হাসপাতাল ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, সংক্রমণ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ, প্রকৌশলী এবং আর্থিক নিরীক্ষকদের সমন্বয়ে গঠিত বহুবিষয়ক দল বাহ্যিক পরিদর্শন করবে। তৃতীয়ত, রোগী ও তাদের স্বজনদের মতামত সরাসরি এবং প্রয়োজনে গোপনীয়ভাবে নেওয়া হবে। শুধু হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের ভিত্তিতে মূল্যায়ন করা যাবে না। চতুর্থত, সমস্যা চিহ্নিত হলে সংশ্লিষ্ট হাসপাতালকে নির্দিষ্ট সময়সীমাসহ সংশোধনমূলক কর্মপরিকল্পনা জমা দিতে হবে। পঞ্চমত, পুনরায় পরিদর্শনের মাধ্যমে অগ্রগতি যাচাই করে মূল্যায়ন প্রতিবেদন জনগণের জন্য প্রকাশ করতে হবে। পরিদর্শনের সময় হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব
একজন জনপ্রতিনিধি নিজ হাতে টয়লেট পরিষ্কার করে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সামাজিক বার্তা দিতে পারেন। কিন্তু তার মূল দায়িত্ব পরিচ্ছন্নতাকর্মীর কাজ করা নয়; বরং এমন প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থা নিশ্চিত করা, যাতে প্রতিটি হাসপাতালের টয়লেট প্রতিদিন পরিষ্কার থাকে। একইভাবে শুধু হাসপাতাল কর্তৃপক্ষকে তিরস্কার করলেই হবে না। জনবল সংকট দূর করা, পর্যাপ্ত বাজেট ও চিকিৎসাসামগ্রী নিশ্চিত করা, হাসপাতাল পরিচালকদের প্রশাসনিক সক্ষমতা বাড়ানো, দুর্নীতি প্রতিরোধ এবং হাসপাতালের মান উন্নয়নে দীর্ঘমেয়াদি নীতি গ্রহণে তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
হাসপাতালের আর্থিক অনিয়ম, সরকারি সম্পদের অপব্যবহার ও ক্রয়প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে চিকিৎসার গুণগত মান ও রোগীর নিরাপত্তা মূল্যায়নে অবশ্যই পেশাগত বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে হবে। সংসদীয় পর্যবেক্ষণ ও প্রশাসনিক জবাবদিহিতার মাধ্যমে পরিদর্শনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা যেতে পারে।
একজন রোগী হাসপাতালে এসে পরিচ্ছন্ন টয়লেট চান; তিনি চান সময়মতো চিকিৎসক, দক্ষ নার্স, প্রয়োজনীয় ওষুধ, নির্ভুল রোগ নির্ণয়, নিরাপদ অস্ত্রোপচার, সহানুভূতিশীল আচরণ এবং সাশ্রয়ী চিকিৎসা। দরিদ্র রোগী যেন ওষুধের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, মুমূর্ষু রোগী যেন নিবিড় পরিচর্যার অভাবে মারা না যান, গর্ভবতীরা যেন জরুরি অস্ত্রোপচারের জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে না বেড়ান এবং রোগী যেন হাসপাতাল থেকেই নতুন সংক্রমণে আক্রান্ত না হন—এসব বিষয়ও হাসপাতাল পরিদর্শনের কেন্দ্রবিন্দুতে আসতে হবে।
বাংলাদেশের সাম্প্রতিক হাসপাতাল পরিদর্শনকে স্বাস্থ্যব্যবস্থা সংস্কারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। আমাদের প্রয়োজন একটি প্রাতিষ্ঠানিক, বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ব্যবস্থাÑযেখানে রাজনৈতিক নেতৃত্ব দিকনির্দেশনা দেবে, বিশেষজ্ঞরা মানদণ্ড নির্ধারণ করবেন, প্রশাসন তা বাস্তবায়ন করবে এবং জনগণ ফল পর্যবেক্ষণ করবে।
লেখক: সাবেক উপাচার্য, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক উপাচার্য, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক উপাচার্য, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



