মেডিকেলে ভর্তি আবেদনে হয়রানি

মেডিকেলে ভর্তি আবেদনে হয়রানি
ছবি: সংগৃহীত

চলতি বছর মেডিকেল কলেজে, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার আবেদনের ক্ষেত্রে বড় ধরনের হয়রানির মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা। বিশেষ করে আবেদনকারী শিক্ষার্থীর ছবি বসানোর ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হচ্ছে।

বিজ্ঞাপন

আবেদন ফরমে ছবি বসানোর পর তাতে কোনো সমস্যা আছে কি না, তা জানানো হয় না। কিন্তু ছবি বসিয়ে যখন আবেদন সাবমিট করা হয়, তখন কোনো একটি সমস্যা' দেখিয়ে পুরো আবেদনপ্রক্রিয়া বাতিল করে দেওয়া হচ্ছে। আবেদন ফরমে পূরণ করা সব ঘর সম্পূর্ণ শূন্য দেখানো হচ্ছে। এর ফলে শিক্ষার্থীকে আবার শুরু থেকে শেষ পর্যন্ত নতুন করে সব ঘর পূরণ করতে হয়। এমনকি কোনো শিক্ষার্থী এভাবে সারা দিন ধরে চার-পাঁচবার চেষ্টা করেও আবেদন করতে পারছেন না। প্রতিবারই ছবির সমস্যা দেখিয়ে আবেদন বাতিল করা হচ্ছে। অথচ যদি ছবি বসানোর সঙ্গে সঙ্গে সমস্যাটি জানিয়ে দেওয়া হতো, তাহলে শিক্ষার্থীরা সেখানেই সমস্যার সমাধান করে আবেদনপত্র সাবমিট করতে পারতেন। অথবা আবেদন সাবমিট করার পর বাতিল করলেও যদি পূরণ করা ঘর শূন্য না দেখাত, তাহলেও অনেক হয়রানি থেকে রক্ষা পাওয়া যেত।

মেডিকেলে আবেদন ফরম পূরণ করা অত্যন্ত জটিল ও দীর্ঘ সময়সাপেক্ষ বিষয়। প্রতিবার আবেদন বাতিল করার পর নতুন করে ৪৯টি কলেজের নাম সিলেক্ট করতে হয়। পোস্টকোডসহ শিক্ষার্থীর গ্রামের ঠিকানা ও বর্তমান ঠিকানাসহ অনেক তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে লিখতে হয়। এ অবস্থায় সব ঘর পূরণ করার পর যদি কেবল ছবি ও সিগনেচারের সমস্যার কারণ দেখিয়ে পুরো আবেদনপ্রক্রিয়া বাতিল করা হয়, তাহলে হয়রানির শেষ থাকে না। অনেকে আবেদনই করতে পারছেন না। এদিকে এ বছর আবেদনের সময়ও সীমিত; ২৫ নভেম্বর শুরু হয়েছে, ৩ ডিসেম্বর

শেষ হবে। শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এ অবস্থায় একের পর এক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে তারা এ ধরনের হয়রানির শিকার হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রেও ছবি বসানো ছিল একটি জটিল কাজ। বিশেষ করে হিজাবপরিহিত ছবি বসাতে অনেক বেগ পেতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। কিন্তু সেখানে সুবিধা ছিল, ছবিতে সমস্যা হলে সঙ্গে সঙ্গেই সেটি জানানো হতো; পুরো আবেদনপ্রক্রিয়া বাতিল হতো না। ফলে ছবির সমস্যা ঠিক করার সুযোগ পাওয়া যেত আবেদন সাবমিট করার আগে। কিন্তু মেডিকেলের ক্ষেত্রে এ ব্যবস্থা নেই। তাই অবিলম্বে এ সমস্যার প্রতিকার আশা করছি।

লেখক: শিক্ষার্থী, বনশ্রী, খিলগাঁও, ঢাকা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...