বাকেরগঞ্জে বিএনপির কমিটিতে আওয়ামী লীগ নেতাদের নাম, নেতাকর্মীদের ক্ষোভ

বাকেরগঞ্জে বিএনপির কমিটিতে আওয়ামী লীগ নেতাদের নাম, নেতাকর্মীদের ক্ষোভ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়ন বিএনপির কমিটিতে আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ ও শ্রমিক লীগ নেতা কাজী মনিরের নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনা।

বিজ্ঞাপন

শনিবার রাতে গারুড়িয়া ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির ৫৩ নম্বর সদস্য হিসেবে মাসুম বিল্লাহ এবং ৫৫ নম্বর সদস্য হিসেবে কাজী মনিরের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, মাসুম বিল্লাহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে কাজী মনির শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ মল্লিকের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এতে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নবগঠিত গারুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত খান বলেন, ঘোষিত কমিটিতে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কারও নাম থাকলে আলোচনা সাপেক্ষে তাদের বাদ দিয়ে পুনরায় কমিটি ঘোষণার প্রক্রিয়া চলছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন জোমাদ্দার বলেন, ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই গারুড়িয়া ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটিতে কোনো আওয়ামী লীগ নেতার নাম থাকলে দলীয় ফোরামে আলোচনা করে তাদের বাদ দেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন