‘ব্যাংক ব্যাংক নয়!!’
মানে কী! এসব আবার কী ঢং শুরু করছেন! আপনেরা মিয়া আঁতেলেকচুয়ালরা আপনেগো চোয়াল নাড়ায়া যা ইচ্ছা তাই বলবেন আর আমরা সাধারণ পাবলিক তাই মাইন্না নিমু?
‘ব্যাংক ব্যাংক নয়!! আমি কী বলতে চাচ্ছি তুই একটু বুঝবি না?’
‘এতে না বোঝার কী আছে, আপনে মিয়া বলতাছেন, ব্যাংক ব্যাংক নয়। তারপর দুদিন পর বলবেন, এই যে সাংবাদিকরে কোর্টের চত্বরে গুণ্ডদিয়া পিটায়া রক্তাত করল, তারপর কার্টুন আঁকলে কান চাপাতিতে থাপড়ায়া মাইরা ফ্যালাইলেন, হেলিকপ্টার থ্যেইক্কা গুল্লি মাইরা অবোধ শিশুরে মারলেন, ট্যাংক থ্যেইক্কা জ্যান্ত পোলাডারে মাইরা রাস্তায় ফ্যালাইলেন, তারপরে কোইবেন, স্বৈরাচার স্বৈরাচার নয়!’
‘হেলিকপ্টার থেকে গুলি করেনি সাউন্ড বোমা ফাটিয়েছে...’
‘শব্দবোমা!! এই কতা কোইতে আপনের লজ্জা করলো না? মিয়া বাঙালি হয়া বাঙালিরে গুল্লি মারলো আর আপনে কন মমতাজের ফাইট্টা যায় গানের সাউন্ড ফাটাইছে?? আপনের কথা শুইন্না মিয়া সত্যিই বুকটা ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়...’
‘আরে বুড়বক আমি তো সেই বুকটা ফাইট্টা যায় মানে বুকের মানে, মানুষের হাহাকারের কথাই বলছিলাম।’
‘ব্যাংকের সাথে মানুষের হাহাকার মাইনে কী?’
‘আচ্ছা তুইই বল ব্যাংক কী জন্যে?’
‘সিম্পেল কথা, আইজকাল কেউ আর ঘরে টাকা রাখে না, সব টাকা ব্যাংকে রাখে, প্রয়োজনমতো আবার টাকা ব্যাংক থেকে তুইল্লা খরচা করে সিম্পেল ব্যাপার, এহানে বুকের হাহাকারের তো, কোনোই স্কোপ দেখি না!!’
‘তুমি ধনী ব্যক্তি, তোমার কথা আলাদা কিন্তু ওই যে প্রান্তিক আমার মতো আপামর জনসাধারণ, তারা এখন ব্যাংকে টাকা তুলতে গেলে ব্যাংক বলছে, ভাই স্বৈরাচারের দোসররা সব টাকা নিয়ে গেছে, আমরা একটু তারল্যসংকটে আছি, আপনি টাকা পরে নেন। আজকে টাকা দিতে পারব না, আস্তে আস্তে দেব, ব্যাংকে টাকা নেই...’
‘এইটা আপনে কী বলচেন যে, আমি তো হুনছি এক সাংবাদিকের মানে স্বৈরাচারের দোসরের বৌ ও তিন মেয়ের মোট এক শ পঞ্চাশটা ব্যাংক অ্যাউন্ট, হ্যেয়তো বৌ-পোলাপান সবতে মিল্লা ৫ই আগস্টের পরপরই মোট প্রায় তিন শ আশি কোটি টাকা ব্যাংক থেকে তুইলালচে। আর আপনে কন মিয়া ব্যাংকে ট্যাকা নাই! হাগোলনি কোনো?’
‘ভাই তুই কেন বাস্তবটা মানছিস না। বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে সাত দিন ধরে এক রিটেইল ব্যাংক বন্ধ। পাশাপাশি একইভাবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে পাঁচ দিন ধরে এক কমার্শিয়াল ব্যাংক বন্ধ, এখন তুই সাধারণ গ্রহকের কথা ভেবে দ্যেখ। বেচারারা চিকিৎসার জন্য হসপিটালের বিল শোধ করতে পারছে না। বাচ্চার শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার ফি দিতে পারছে না। মাস শেষে বাড়ি ভাড়ার টাকা তুলতে পারছে না, ফলে চারদিকে তোর ভাষায় বুকটা ফ্যাইট্টা যায় বুকটা ফ্যাইট্টা যায়। নিজের রক্তপানি করা সৎ রোজগার ব্যাংকে রেখে এখন নিজেই আর সে টাকা তুলতে পারছে না!! এ-যাতনা কি তুই বুঝতে পারবি??’
‘ওয়া কন কী!! তয় ব্যাংকের কাস্টমার এটিএম বুথ থ্যেইক্কা ক্রেডিট কার্ডে ট্যাকা তুইল্লা লইলে পারে।’
‘আরে ভাই ব্যাংক বন্ধ মানে সাথে সাথে গোদের উপর বিষফোঁড়ার মতো, এটিএম বুথও বন্ধ।’
‘তয় পাবলিক ক্ষেপেনা ক্যেন?’
‘দু-এক ব্যাংকে পাবলিক ভাঙচুর ও অফিসারদের পিটিয়েছে। কিন্তু ভায়োলেন্স তো আর তারল্য সমস্যার সমাধান করতে পারবে না। এই তারল্যসংকটে পড়ে ব্যাংকের কাউন্টারে কত গ্রাহকের বুকফাটা হাহাকার কান্না যদি তুই দেখতি, তাহলে তুই তোর অশ্রু সম্বরণ করতে পারতি নারে। কানাডা থেকে প্রবাসী এক মহিলার ব্যাংকে, নিজের টাকা পাওয়ার জন্য কাকুতি-মিনতি, তারপর কান্না-আহাজারিরী, সহ্য হয় না। সত্যি বুকটা ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়।’
‘এ জন্যই তো কোই কি ব্যেবাগ ট্যাকার এই অবস্থা ক্যান? আসলেই স্বৈরাচারের দোসররা মহাস্মার্ট। দেখছেন হালার পোলারা কি করছে?’
‘এর মাঝে তুই আবার স্বৈরাচারের স্মার্টনেস কি দেখলি রে ভাই?’
‘ক্যা আপনে বুঝলেন না?’
‘কী বুঝব। ব্যাংক গ্রাহকের ট্যাকা দিতে পারছে না! মানে ব্যাংক তার স্বভাবিক কাজ করতে পারছে না, অর্থাৎ ব্যাংক আর ব্যাংক নেই, ব্যাংক ব্যাংক নয়, এটা এখন স্বৈরাচারের কলঙ্কের একটা চালচিত্র হয়ে দাঁড়িয়েছে!!’
‘আরে বুইজ্ঝা দ্যেখেন, এই যে কমার্শিয়াল, রিটেইল, ইনভেস্টমেন্ট, এজেন্ট ব্যাংক। হ্যেরপর সেভিংস, কারেন্ট, ডিমান্ড ডিপোসিট, মানি মার্কেট, টাইমড অ্যাকাউন্ট গত স্বৈরাচারের দোসররা এই সবের ধারে-কাছে যায় নাই। হ্যেরা ঠিকই জানত চুরির ট্যাকা, ঘুষের ট্যাকা, চাকরি দ্যেওনের ট্যাকা, গরিবের জমির ট্যাকা ব্যাংকে রাখলে আর তুলতে পারব না। কারণ আমেরিকার রিজার্ভ ব্যাংক থ্যেইক্কা হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের আট কোটি দশ লাখ ডলার হ্যাক করছে। ফলে হ্যেরা সব ট্যাকা বস্তা বস্তা ভইরা খাটের নিচে ফ্যালায়া রাখছে। স্বৈরাচারের দোসরগো নিজেগো ব্যাংক থাকতেও হ্যেরা, হ্যেগো আমলারা, বারো লাখ টাকার ছাগলটা সব সব সব্বাই বস্তা বস্তা ট্যাকা ঘরে রাখছে। ব্যাংক আর ব্যাংকের কাজ ঠিকমতো করতে পারতাছে না। এক সেন্সে কথাটা ঠিকই কোইছেন; ব্যাংক ব্যাংক নয়...।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

