বৈশ্বিক প্রভাবের নির্বাচন
২০২৬ সালের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন মার্কিন সমাজের মূল সমস্যাগুলো সামনে নিয়ে এসেছে। অর্থনৈতিক উদ্বেগ, দলীয় বিভাজন, করপোরেট প্রভাব, অভিবাসন এবং ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা দেশকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে।
এই নির্বাচনের প্রভাব শুধু ওয়াশিংটনের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। ইসরাইলের সঙ্গে আমেরিকার সম্পর্ক, ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, চীনের উত্থান এবং ইউক্রেন সংকটের মতো বিষয়গুলো আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে।
নির্বাচনে হেরে গেলেই ‘ট্রাম্পবাদ’ হারিয়ে যাবে না। হারিয়ে যাওয়া শিল্পকারখানা নিয়ে ক্ষোভ, ধনীদের সঙ্গে গরিবের বিশাল ব্যবধান, সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন রাজনীতিবিদ এবং অভিজাতদের নিয়ন্ত্রণের কারণেই এ ধারার জন্ম হয়েছে।
ডেমোক্র্যাটরা কি এই জয়কে সত্যিকারের নীতিগত পরিবর্তনে রূপ দিতে পারবে? তারা এখনো করপোরেট দাতা, ওয়াল স্ট্রিট, অস্ত্র ব্যবসায়ী এবং যুদ্ধবাজ নীতিনির্ধারকদের ওপর দারুণভাবে নির্ভরশীল। তাই শুধু কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেই মূল সমস্যাগুলোর সমাধান হবে কি না, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে।
অর্থনৈতিক উদ্বেগ এবং ট্রাম্পবাদের সীমাবদ্ধতা
মধ্যবর্তী নির্বাচন সাধারণত প্রেসিডেন্টের বিরুদ্ধে ভোট দেওয়ার একটি বড় সুযোগ তৈরি করে। জিনিসপত্রের চড়া দাম, শুল্ক আরোপ এবং প্রতিদিনের জীবনযাত্রার খরচ বৃদ্ধি ছিল মানুষের প্রধান চিন্তা। এর সঙ্গে যোগ হয়েছিল বিরোধীদের ওপর ট্রাম্পের রাজনৈতিক আক্রমণ।
শুল্কনীতি আমেরিকার কিছু নিজস্ব পণ্যকে সুরক্ষা দেয় ঠিকই, তবে এতে আমদানি খরচ বেড়ে গেছে। এর জবাবে অন্য দেশগুলোও আমেরিকার পণ্যে পাল্টা শুল্ক বসিয়েছে। আমেরিকানরা এখন সাশ্রয়ী আবাসন, উন্নত স্বাস্থ্যসেবা এবং নিরাপদ চাকরি চায়। কেনাকাটায় নিজের মুদ্রার মান কমে যাওয়া তারা মেনে নিতে পারছে না।
অনেক ভোটারের মনে হচ্ছে, সাধারণ মানুষ যখন জীবন চালাতে হিমশিম খাচ্ছে, তখন বড় করপোরেট কোম্পানিগুলো প্রচুর লাভ করছে। এই ক্ষোভ থেকেই এখন বেশি মজুরি, কম খরচে চিকিৎসা এবং ব্যবসার ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণের দাবি উঠছে।
জাতীয়তাবাদী ভোটাররা এখনো ট্রাম্পের আদর্শ সমর্থন করে। তবে ট্রাম্পের পর অন্য কোনো নেতা এই সমর্থকদের একসূত্রে ধরে রাখতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত। ডেমোক্র্যাটদের ভেতরেও বড় ধরনের বিভাজন রয়েছে। দলের একপক্ষ চায় আমূল পরিবর্তন। অন্যদিকে বাকিরা বড় দাতাদের সন্তুষ্ট রেখে চলতে চায়।
কংগ্রেসের নেতৃত্ব : শুমার, জেফ্রিজ এবং মূলধারার নেতাদের দ্বিধা
সিনেটর চাক শুমার এবং রিপ্রেজেন্টেটিভ হাকিম জেফ্রিজ ডেমোক্রেটিক পার্টির মূলধারার নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন। ওয়াল স্ট্রিটের সঙ্গে শুমারের পুরোনো ঘনিষ্ঠতা রয়েছে। অন্যদিকে জেফ্রিজ ইসরাইল সমর্থক দাতা গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেন। দলের প্রগতিশীল অংশটি প্রায়ই এ ধরনের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে।
নির্বাচনি তহবিল এবং রাজনীতির ওপর প্রভাব নিয়ে মানুষের মনে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। এসব সম্পর্ক সেই ক্ষোভকে আরো বাড়িয়ে দিয়েছে।
প্রেসিডেন্টকে সামলানোর ক্ষেত্রে এই শীর্ষ নেতারা যেভাবে চলছেন, প্রগতিশীলরা তারও সমালোচনা করছেন। সাধারণ আইনপ্রণয়নের চেয়ে তারা তদন্ত বা ইমপিচমেন্টের মতো পদক্ষেপ বেশি পছন্দ করেন।
প্রেসিডেন্টকে অপসারণ করতে হলে সিনেটের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়। ফলে কংগ্রেসকে অন্য উপায়ে প্রেসিডেন্টের ওপর নজরদারি চালানোর কথা ভাবতে হচ্ছে। রালফ নেডারের মতো সমালোচকরা মনে করেন, এই দুটি বড় রাজনৈতিক দলই করপোরেট শক্তির নিয়ন্ত্রণে চলায় আসল রাজনৈতিক পরিবর্তন আটকে যাচ্ছে।
নতুন কংগ্রেস হয়তো এবার প্রেসিডেন্টের নানা কাজকর্ম, সামরিক বাহিনীর খরচ, নির্বাচনি তহবিল এবং পররাষ্ট্রনীতির সিদ্ধান্তগুলো নিয়ে তদন্ত শুরু করবে।
আইপ্যাক, নির্বাচনি অর্থায়ন এবং ইসরাইলের রাজনৈতিক প্রভাব
ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিতে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাক (AIPAC) বেশ প্রভাবশালী। সংগঠিত লবিং, শক্তিশালী দাতা নেটওয়ার্ক, নির্বাচনে বিপুল অর্থ ঢালা এবং মার্কিন-ইসরাইল সামরিক জোটের পক্ষে টানা প্রচারের মাধ্যমেই তারা এই শক্তি অর্জন করেছে। এর পাশাপাশি কট্টর খ্রিষ্টান গোষ্ঠী, অস্ত্র তৈরি করা প্রতিষ্ঠান এবং বড় একটি ভোটব্যাংক এই সম্পর্ককে সমর্থন জোগায়।
গাজার সাম্প্রতিক সহিংসতা, পশ্চিমতীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ এবং আশপাশের দেশে হামলার কারণে ইসরাইলকে দেওয়া মার্কিন সাহায্য নিয়ে এখন প্রশ্ন উঠছে। আমেরিকার সমর্থনে ইসরাইল পুরো মধ্যপ্রাচ্যে নিজের সামরিক কর্তৃত্ব বজায় রাখতে চায়।
আমেরিকার তরুণ প্রজন্ম এবং প্রগতিশীল আইনপ্রণেতারা এই শর্তহীন সহায়তার বিরোধিতা করছেন। তারা আমেরিকার ভেতরের উন্নয়নের সঙ্গে পররাষ্ট্রনীতির সংস্কারকে মিলিয়ে দেখছেন। ইসরাইলের রাজনৈতিক প্রভাব এখনো বেশ মজবুত। তবে এই বিতর্ক এখন আমেরিকার নির্বাচনেও বড় প্রভাব ফেলছে।
১৯৯৬ সালের ‘এ ক্লিন ব্রেক’ নামের একটি নীতিপত্র মধ্যপ্রাচ্যে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার পথ দেখিয়েছিল। সেই নীতির মূল ভিত্তিই ছিল আমেরিকার সমর্থন। ইহুদিবিদ্বেষ না ছড়িয়ে আইপ্যাক বা সরকারের নীতি নিয়ে সমালোচনা করা পুরোপুরি যৌক্তিক এবং সঠিক। আমেরিকার পররাষ্ট্রনীতি কি সত্যিই দেশের স্বার্থে চলে, নাকি শুধু নির্বাচনি দাতাদের খুশি করতে তৈরি হয়, ভোটাররা এখন সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
ফ্র্যাঙ্কলিন-আইপ্যাক গোয়েন্দা তথ্য মামলা
পেন্টাগনের বিশ্লেষক লরেন্স ফ্র্যাঙ্কলিন এবং আইপ্যাক কর্মকর্তা স্টিভেন রোজেন ও কিথ ওয়াইজম্যানকে ঘিরে একটি গোয়েন্দা তদন্ত হয়েছিল। এ ঘটনাটি গোপন তথ্যের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। গোপন তথ্য পাচারের কথা ফ্র্যাঙ্কলিন আদালতে স্বীকার করেছিলেন। তবে ২০০৯ সালে রোজেন এবং ওয়াইজম্যানের বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নেওয়া হয়। আইপ্যাকের ওই দুই কর্মকর্তার কেউই বিচারে দোষী সাব্যস্ত হননি।
তা সত্ত্বেও, দেশের অত্যন্ত গোপন সামরিক তথ্য হাতছাড়া হয়ে যাওয়ার ঝুঁকিকে এ ঘটনা স্পষ্টভাবে সামনে নিয়ে আসে। মিত্র দেশ হলেও তাদের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রে যে কঠোর নিরাপত্তা বজায় রাখা দরকার, এটি ছিল তারই একটি বড় শিক্ষা।
জোনাথন পোলার্ড : আমেরিকার নাগরিক হয়েও ইসরাইলের হয়ে চক্রান্ত
জোনাথন পোলার্ড ছিলেন একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। তিনি আমেরিকার গোপন তথ্য ইসরাইলের কাছে পাচার করেছিলেন। ১৯৮৫ সালে তিনি গ্রেপ্তার হন এবং ১৯৮৭ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে ইসরাইল পোলার্ডকে নিজেদের এজেন্ট হিসেবে স্বীকার করে নেয়। ১৯৯৫ সালে তাকে ইসরাইলের নাগরিকত্বও দেওয়া হয়।
পোলার্ড টানা ৩০ বছর কারাভোগের পর ২০১৫ সালে প্যারোলে মুক্তি পান। ২০২০ সালে তিনি ইসরাইলে চলে যান। সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান। ২০২৫ সালের জুলাই মাসে জেরুসালেমে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি পোলার্ডকে মার্কিন দূতাবাসে আমন্ত্রণ জানান। এ বিষয়ে হোয়াইট হাউস বা সিআইএকে আগে থেকে কিছুই জানানো হয়নি। দণ্ডপ্রাপ্ত একজন গুপ্তচরকে মার্কিন দূতাবাসে এভাবে আপ্যায়ন করা নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়েছিল।
আমেরিকার সামরিক গোয়েন্দা তথ্যে ইসরাইলের প্রবেশাধিকার
২০২৬ সালের মে মাসে সেনেট ইন্টেলিজেন্স কমিটির প্রতিরক্ষা বিলে ইসরাইলের সঙ্গে গোয়েন্দা তথ্যবিনিময় বাড়ানোর প্রস্তাব করা হয়। সাইবার নিরাপত্তা, ক্ষেপণাস্ত্র রক্ষাব্যবস্থা এবং সামরিক প্রযুক্তির মতো খাতের অংশ ছিল। তবে এই বিলে প্রয়োজনে তথ্য আদান-প্রদান সীমিত বা বন্ধ করার নিয়মও রাখা হয়েছিল।
অতিরিক্ত তথ্য শেয়ার করলে তা প্রতিপক্ষের হুমকি দ্রুত শনাক্ত করতে সাহায্য করে। তবে এতে আমেরিকার নিজস্ব তথ্যের উৎস ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাছাড়া আমেরিকা অনাকাঙ্ক্ষিতভাবে ওই অঞ্চলের নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। গোয়েন্দা তথ্যবিনিময়ের সমস্ত কর্মসূচি যেন আমেরিকার নিজস্ব আইন ও জাতীয় নিরাপত্তার সঙ্গে মেলে, কংগ্রেসকে তা নিশ্চিত করতে হবে।
ট্রাম্প কি আবার ইরানে হামলা চালাবেন
নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের ঝুঁকি অনেক বেড়ে গেছে। বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বড় হুমকি হিসেবে দেখেন। তিনি এ বিষয়ে বারবার আমেরিকার হস্তক্ষেপ দাবি করে আসছেন। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে সেখানে থাকা মার্কিন সৈন্য, যুদ্ধজাহাজ এবং বিভিন্ন স্থাপনা হামলার মুখে পড়তে পারে। এর ফলে বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের বিপর্যয় নামবে।
ট্রাম্প হয়তো কোনো বড় পদক্ষেপ নিতে চাইবেন। তবে একটি ব্যয়বহুল যুদ্ধ তার রাজনৈতিক অবস্থান ও দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে।
কূটনীতি, আরো কঠোর নিষেধাজ্ঞা, নাকি সরাসরি সামরিক হামলা, কোন পথে হাঁটা উচিত তা নিয়ে তর্ক চলছে। কূটনীতি ব্যর্থ হলে এবং আমেরিকা হামলা চালালে ইরানও বসে থাকবে না। তারা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলা চালাবে। ফোরদোর মতো মাটির গভীরের সামরিক ঘাঁটি ধ্বংস করতে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা কেউ কেউ বলেছেন। তবে সাধারণ তথাকথিত প্রচলিত অস্ত্র দিয়ে হামলা চালানোর সম্ভাবনা আজও বেশি। যেকোনো পারমাণবিক অস্ত্রের ব্যবহার পরিবেশ ও অঞ্চলের ব্যাপক ক্ষতি করবে। কূটনৈতিকভাবেও আমেরিকা নিঃসঙ্গ হয়ে পড়বে। কংগ্রেস সামরিক বাহিনীর বাজেট আটকে দিতে পারে। কিন্তু প্রেসিডেন্টের দ্রুত নেওয়া সামরিক হামলা থামানো কংগ্রেসের জন্য বেশ কঠিন।
উপসাগরীয় রাজতন্ত্র : টিকে থাকা নাকি শক্তির অবক্ষয়
বিপুল তেলসম্পদ আর আধুনিক অবকাঠামো থাকা সত্ত্বেও উপসাগরীয় দেশগুলো তীব্র নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। নতুন করে যুদ্ধ শুরু হলে তাদের মূল তেলক্ষেত্র, পানি শোধনাগার, জাহাজ চলাচলের পথ এবং অর্থনৈতিক কেন্দ্রগুলো হামলার মুখে পড়তে পারে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এখন শুধু তেলের ওপর নির্ভর না করে অর্থনীতিকে বহুমুখী করছে। তারা চীনের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে এবং ইরানের সঙ্গেও যোগাযোগের পথ খোলা রাখছে। ইসরাইল ও ইরানের মধ্যকার সরাসরি যুদ্ধ থেকে দূরে থাকতে পারলেই শুধু এই দেশগুলোর টিকে থাকা সম্ভব।
সংযুক্ত আরব আমিরাত এবং আব্রাহাম অ্যাকর্ডস
২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়। এর ফলে তাদের বাণিজ্য ও নিরাপত্তা যোগাযোগ অনেক বেড়ে যায়। তবে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সাধারণ আরব জনগণের মধ্যে প্রচণ্ড উদ্বেগ রয়েছে। এ কারণে ওই অঞ্চলের চলমান সংঘাত চুক্তিটিকে জটিল করে তুলেছে। এই চুক্তি হয়তো টিকে থাকবে। তবে ফিলিস্তিনিদের স্বাধিকার নিশ্চিত করা না গেলে ওই অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি আসবে না।
আমিরাত বুদ্ধিমত্তার সঙ্গে আমেরিকা, চীন ও ইরানÑসবার সঙ্গেই খোলাখুলি যোগাযোগ রেখে চলছে। এটি তাদের বড় একটি সুবিধা। সাংবাদিক ম্যাথিউ কোল এক প্রতিবেদনে দাবি করেছেন, কিছু বিদেশি নেতা জ্যারেড কুশনারের মাধ্যমে গোপন চ্যানেল ব্যবহার করে আমেরিকার নীতিকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।
ভারত-মার্কিন সম্পর্ক: রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও কৌশলগত অংশীদারত্ব
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনকে সামলাতে ভারত এখনো আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশীদার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার প্রধান দুটি দলের সঙ্গেই সম্পর্ক বজায় রাখছেন। একই সঙ্গে তিনি রাশিয়া ও ব্রিকস জোটের সঙ্গে সম্পর্ক রেখে ভারতের স্বকীয় নীতি ধরে রেখেছেন। আমেরিকার শুল্ক নীতি এবং পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ মাঝে মাঝে ভারতের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি করে।
আমেরিকা ও দক্ষিণ এশিয়া: পাকিস্তান, বাংলাদেশ এবং আঞ্চলিক মেরূকরণ
পারমাণবিক অস্ত্র এবং ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তানকে আমেরিকার হিসাবের বাইরে রাখার সুযোগ নেই। প্রধান প্রধান সমুদ্রপথের পাশে হওয়ায় বাংলাদেশের কৌশলগত গুরুত্ব অনেক। আমেরিকার উচিত এই অঞ্চলে বাণিজ্য, শ্রমিকের অধিকার এবং গণতন্ত্রের ওপর বেশি জোর দেওয়া। শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপের মতো ছোট দেশগুলো কোনো নির্দিষ্ট শক্তির দিকে না গিয়ে সবার সঙ্গে ভারসাম্য রেখে চলতে পছন্দ করে।
আমেরিকা ও চীন: বিপর্যয় এড়িয়ে প্রতিযোগিতা
অর্থনৈতিক ও সামরিক দিক থেকে চীন এখনো আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী। শুল্কযুদ্ধ এবং প্রযুক্তির ওপর নানা বিধিনিষেধ এই উত্তেজনাকে অনেক বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে তাইওয়ানের নিরাপত্তা এবং চিপ সরবরাহ নিয়ে টানাটানি বেশ তীব্র। চীনের সঙ্গে প্রতিযোগিতায় নামার বিষয়ে আমেরিকার প্রধান দুটি দলই একমত। তবে চীনকে অর্থনৈতিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন করা একেবারেই বাস্তবসম্মত নয়।
ইউক্রেন এবং আমেরিকার প্রতিশ্রুতির বিশ্বস্ততা
মার্কিন সাহায্য ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ সামলাতে সাহায্য করেছে। তবে এই যুদ্ধের দীর্ঘমেয়াদি খরচ এবং রাজনৈতিক সমাধান এখনো অনিশ্চিত। ইউক্রেন নিয়ে ট্রাম্পের অবস্থান ইউরোপীয় মিত্রদের চিন্তায় ফেলে দিয়েছে। অন্যদিকে ডেমোক্র্যাটদের সমর্থন ধরে রাখতে হলে একটি পরিষ্কার ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। ইউরোপকে এখন নিজের অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই বেশি করে নিতে হবে।
সামরিক-শিল্পগোষ্ঠী এবং আমেরিকার অর্থনৈতিক ভবিষ্যৎ
অস্ত্র ও সামরিক খাতে অতিরিক্ত খরচ দেশের নিরাপত্তা হয়তো নিশ্চিত করে, কিন্তু তা সাধারণ মানুষের ওপর চাপ বাড়ায়। প্রতিরক্ষা খাতে অতিরিক্ত বাজেটের কারণে স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামোর মতো জরুরি অভ্যন্তরীণ খাতগুলো প্রয়োজনীয় টাকা পায় না।
শেষ কথা: সংস্কার নাকি সীমা অতিক্রমের ভুলÑআমেরিকার সামনে জোড়া পথ
আমেরিকা কি নিজেকে শুধরে নেবে, নাকি সাম্রাজ্যবাদের পথেই হাঁটবে? ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতায় কিছুটা লাগাম টেনেছে। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাগুলো এখনো রয়ে গেছে।
আমেরিকাকে নতুন করে দাঁড় করাতে হলে দেশের ভেতরের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সেই সঙ্গে দায়িত্বশীল পররাষ্ট্রনীতি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
লেখক: যুক্তরাষ্ট্রভিত্তিক সাউথ এশিয়া জার্নালের প্রকাশক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন





