পচা-বাসি খাবার রাখায় রাউজানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পচা-বাসি খাবার রাখায় রাউজানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
পচা-বাসি খাবার রাখায় রাউজানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি: আমার দেশ

চট্টগ্রামের রাউজান উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পচা-বাসি খাবার রাখা ও ময়লা-আবর্জনার অপরাধে তিনটি খাবার হোটেল এবং একটি বেকারিকে সর্বমোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলার জলিলনগর থেকে মুন্সিরঘাটা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম।

বিজ্ঞাপন

অভিযানে প্রশাসনিক সিদ্ধান্তে জলিলনগরের আজমীর হোটেলকে ১ লাখ টাকা, আপনবাড়ি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা, গাউছিয়া হোটেলকে ৪০ হাজার টাকা এবং আল আকসা বেকারিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তা ছাড়া একই অভিযানে মাদকসেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেওয়া হয়েছে।

এস. এম. রাহাতুল ইসলাম জানান, নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি হোটেল ও একটি বেকারি থেকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি মাদকসেবনের অপরাধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা এবং পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন