ভোলার দৌলতখানে অবৈধ জ্বালালি তেলের গোডাউনে ভয়াবহ আগুন লেগে মজুতকৃত তেলের ৭টি গোডাউন পুড়ে গেছে। আগুনের ভয়াবহ লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় পার্শ্ববর্তী কয়েকটি বসতঘরেরও ব্যাপক ক্ষতি হয়। গুদামে আগুন লাগার কারণে মজুতকৃত তেলের ড্রামের বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মীসহ ৫ জন আহত হওয়ায় খবর জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দৌলতখান মেঘনা তীর সংলগ্ন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় স্থানীয় ও দূরদূরান্ত থেকে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে সংবাদ পেয়ে ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট এসে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে অবৈধ জ্বালানি তেলের ব্যবসায়ী শাহাবুদ্দিনের তেলের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দৌলতখান ফায়ার সার্ভিস ইউনিটের মোখলেসুর রহমান আমার দেশকে জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ৭টি গুদামের আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

