অকেজো ২ এস্কেভেটর

পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, আটক ২

পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, আটক ২
ছবি: আমার দেশ

রাতের আঁধারে চলছিল ফসলি জমির উর্বর মাটি কাটার কাজ। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থলেই মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর অকেজো করে দেয় প্রশাসন। জব্দ করা হয়েছে চারটি ব্যাটারি, ধ্বংস করা হয়েছে আরও দুটি। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে থানা হেফাজতে দেওয়া হয়েছে।

রোববার রাত ১০টা থেকে সোমবার রাত ১টা ১০ মিনিট পর্যন্ত রাজশাহীর পুঠিয়া উপজেলার কৈহাড়িয়া, শিলমাড়িয়া ও বারোপাখিয়া এলাকায় চলে এই অভিযান।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের সুযোগে বিভিন্ন ফসলি জমি থেকে টপ সয়েল কেটে নেওয়ার অভিযোগ ছিল। এতে একদিকে যেমন কৃষিজমির উর্বরতা কমছে, অন্যদিকে জমির স্বাভাবিক গঠনও নষ্ট হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানের সময় পৃথক দুটি স্থানে ফসলি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর শনাক্ত করা হয়। পরিবহনের সুযোগ না থাকায় ঘটনাস্থলেই যন্ত্র দুটি সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চারটি ব্যাটারি জব্দ এবং আরও দুটি ব্যাটারি ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে অপরাধের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানা হেফাজতে দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমির টপ সয়েল রক্ষায় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন