পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইবিতে মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইবিতে মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।

বিজ্ঞাপন

র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীরা অংশ নেন। র‍্যালি ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়’, ‘মুহাম্মদ (সা.) মানবতার শ্রেষ্ঠ আদর্শ’, ‘কুরআন আঁকড়ে ধরি, সুন্নাহ অনুসরণ করি’সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নেয়ামত উল্লাহ জুবায়ের বলেন, ‘ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত ও রহমত। তার আগমন উপলক্ষে আমাদের এই মোবারক র‍্যালির মূল উদ্দেশ্য হলো রাসূল (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি তার সুন্নাহ অনুসরণের আহ্বান জানানো।’

আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, ‘১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের এই পবিত্র দিনটি আমরা শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করি। তার পবিত্র জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। এই দিনের মাধ্যমে তার জীবনের মহত্ত্ব অনুধাবন, আদর্শ সম্পর্কে জানা এবং তা অনুসরণে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন