সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে শান্তিগঞ্জ থানা পুলিশের হাতে আটক হওয়ার পর হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান আসির মিয়া। পরে স্থানীয়রা তাকে আটক করলেও স্বজনরা তাকে আবার ছিনিয়ে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এরপর হ্যান্ডকাফ হাতেই ফেসবুক লাইভে এসে বিষয়টি প্রচার করেন আসির। তার ওই লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে পুলিশ সুপারের নির্দেশে আসির মিয়াকে গ্রেপ্তারে অভিযান শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। সদর থানার ওসি রতন সেখের নেতৃত্বে পুলিশের একটি দল সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ বলেন, “হ্যান্ডকাফ নিয়ে পালানোর পর অভিযান চালিয়ে আসির মিয়াকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে শান্তিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

